শ্রমিকসংকট, ধান ঘরে তুলতে পারছেন না কৃষক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শ্রমিকসংকটের কারণে মাঠের পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। চড়া মজুরি ও তিনবেলা খাবার দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।উপজেলার উজানচর নতুন-পাড়ার বদিউজ্জামানপাড়ার কৃষক শহিদ বিশ্বাস (৪৫) বলেন, ‘হাট থেইকা দুইজন লেবার আনছি প্রতি দিন প্রত্যেককে আধা মণ ধান ও তিনবেলা করে খাবার দেওয়ার বিনিময়ে। আমার আরও লোকের প্রয়োজন, পাইলে আনতাম।’সরেজমিনে উপজেলার গেন্দু বেপারীপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, আবদুল জলিল শেখ তাঁর দুই ছেলে ও কুষ্টিয়া থেকে আসা তিনজন কিষাণ নিয়ে ধান কাটছেন। এ সময় তিনি বলেন, ‘প্রতি দিন তিনবেলা খাওয়ার সঙ্গে প্রতি ১০ মণ ধান কাটার পর এক মণ করে ভাগা হিসেবে দিতে হয়। আর স্থানীয় লোকজন দিয়ে কাটালে ধানের ভাগা না নিলে প্রতি দিন তাঁদের দুইবেলা খাওয়া এবং সঙ্গে ৪০০ টাকা করে দিতে হয়। তার পরও শ্রমিক পাচ্ছি না। ঝড়ে যেকোনো দিন এসব পাকা ধান মাটিতে মিশে যেতে পারে।’