শ্রমিকসংকটে কৃষক মেঘ দেখলেই শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ধানকাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এদিকে কিছুদিন ধরে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। এ অবস্থায় মাঠের পাকা ধান ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষক।
বিভিন্ন এলাকা ঘুরে ও খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁর সদর উপজেলা, নিয়ামতপুর ও মান্দায় গত মাসের শেষ দিক থেকে ধান কাটা শুরু হলেও এখনো ২০ থেকে ৩০ শতাংশের বেশি জমির ধান কাটা হয়নি। স্থানীয় কৃষকেরা বলেন, মাঠের ধান পেকে গেছে। কিন্তু শ্রমিকের অভাবে তাঁরা ধান কাটতে পারছেন না। বিশেষ করে নিয়ামতপুরের ছাতড়ার বিল, মান্দার ঠাকুর মান্দা, নওগাঁ সদরের সরইল বিল এবং বিল মনসুরে যেসব কৃষক বোরো ধান আবাদ করেছেন, তাঁরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কারণ, সামান্য বৃষ্টিতেই বিলের ধান ডুবে যায়। কিছুদিন ধরে আকাশে মেঘের আনাগোনা দেখে শঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।
নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের কৃষক আবদুর রশিদ বলেন, ‘ছাতড়ার বিলে এ বছর আট বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। এর মধ্যে তিন বিঘার ধান কাটতে পেরেছি। শ্রমিক না পাওয়ায় এখনো পাঁচ বিঘা জমির ধান মাঠে পড়ে আছে।’
ছাতড়া বিল এলাকার বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর ধানকাটা শ্রমিকদের মোট ধানের ৭-৮ শতাংশ দিলেই হতো। এতে প্রতি বিঘা জমির ধান কাটা বাবদ খরচ পড়ত প্রায় দেড় হাজার টাকা করে। কিন্তু এবার প্রতি বিঘা জমিতে ধান কাটতে প্রায় আড়াই হাজার টাকা খরচ হচ্ছে।
ছাতড়া বিলে ধান চাষ করেছেন কৃষ্ণপুর গ্রামের কৃষক মাইনুল ইসলাম, জমির উদ্দিন, জিয়াউল প্রমুখ। তাঁরা বলেন, শ্রমিক না পাওয়ায় তাঁরা ধান কাটতে পারছেন না। আগের চেয়ে বেশি দাম দিতে চেয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
কৃষক মাইনুল ইসলাম বলেন, ‘বিলে এখনো আমার ১২ বিঘা জমির ধান পড়ে আছে। আকাশে মেঘ জমলেও বুক কেঁপে উঠছে। এই সময় যদি ঝড় বা বৃষ্টি হয় তাহলে একেবারে মাঠে মারা যাব।’
সরইল বিলে ধান চাষ করেছেন গোয়ালা গ্রামের কৃষক আবদুস সামাদ। তিনি বলেন, ‘মাঠে ধান থ্যাকা গেছে। আকাশের যা অবস্থা, তাতে যেকোনো সময় কালবৈশাখী হতি পারে। দৌড়াদৌড়ি করেও প্যাট (শ্রমিক) পাওয়া যাচ্ছে না। খালি আল্লাহ, আল্লাহ করছি। ধান না কাটা পর্যন্ত য্যান ঝড়-বৃষ্টি না হয়।’
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সত্যব্রত সাহা বলেন, ‘শ্রমিকসংকটের কথা শোনা যাচ্ছে। তবে অধিকাংশ জমির ধান কাটা হয়ে গেছে। বাকি ২০-৩০ শতাংশ জমির ধান আগামী এক সপ্তাহের মধ্যে কাটা হয়ে যাবে বলে আশা করছি। এর মধ্যে ঝড়-বৃষ্টি না হলে কোনো সমস্যা হবে না।’ এ বছর জেলায় ১ লাখ ৯৮ হাজার ৪৬৩ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে তিনি জানান।