শ্রমিকসংকটে পাকা ধান ঝরে পড়ছে খেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে ধান কাটার শ্রমিকসংকটের কারণে পাকা ধান খেতেই ঝরে পড়ছে। ৩০০ টাকা মজুরি ও তিনবেলা খাবার দিলেও ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কৃষকেরা বাধ্য হয়ে পরিবারের দু-একজন সদস্য নিয়ে ধান কাটা শুরু করেছেন।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ খানেক আগে জেলার বিভিন্ন গ্রামে ধান পাকা শুরু হয়। কিন্তু শ্রমিকের অভাবে ধান কাটাতে না পারায় ধানের গোছা মাটিতে লুটিয়ে পড়ছে। এ কারণে আমন ধান কেটে বোরো চাষ ও মুগ-মসুর ডালের মতো রবিশস্য চাষেও দেরি হচ্ছে।কৃষক ও ঝালকাঠির সাবেক পৌর কাউন্সিলর রুস্তম আলী বলেন, ‘১০ বিঘা জমিতে আমন চাষ করেছিলাম। ৩৫০ টাকা মজুরি দিতে চেয়েও ধান কাটার লোক পাইনি। বাধ্য হয়ে সাত ভাগের এক ভাগ ধান দিয়ে কাটিয়েছি।’ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম জানান, এখন গ্রামাঞ্চলে তরুণ ও যুবক কৃষকের সংখ্যা কমে গেছে। গ্রামে অনেক কৃষক পরিবারের শিক্ষিত তরুণ-যুবকেরা লেখাপড়া শিখে চাকরি করছেন। অল্প শিক্ষিত ব্যক্তিরা ভাড়ায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইক চালাচ্ছেন। তাই গ্রামে এখন কৃষিকাজের শ্রমিক পাওয়া যায় না। গ্রামাঞ্চলে মধ্যবয়সী ও বয়স্ক ব্যক্তিরাই এখন কৃষিকাজের হাল ধরে রেখেছেন।সদর উপজেলার বৈদারাপুর গ্রামের কৃষক শমসের হাওলাদার বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেছি। ধান পেকে খেতে ঝরে যাচ্ছে। প্রতিদিন ৩০০ টাকা মজুরির সঙ্গে তিনবেলা খাবার দিলেও ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। তাই একা একা যতটুকু সম্ভব ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছি।’সদর উপজেলার যোগেশ্বর গ্রামের কৃষক দুলাল হাওলাদার জানান, আমন ধান কাটার সময় পার হয়ে গেলেও শ্রমিকসংকটের কারণে এখনো শত শত বিঘা জমির পাকা ধান খেতেই ঝরে যাচ্ছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠির উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এই সংকট উত্তরণে ধান কাটা, ঝারা, ও মাড়াইয়ের জন্য কৃষকদের প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। কৃষক ক্লাবগুলো শক্তিশালী করে সমবায়ের ভিত্তিতে যান্ত্রিক চাষাবাদ এখন অপরিহার্য হয়ে পড়েছে। এতে কৃষকদের খরচ কমবে, সময় কম নষ্ট হবে এবং তাঁরা আর্থিকভাবে লাভবান হবেন।