শ্রমিকসংকটে পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামের কৃষক শফিকুল ইসলামের ১৩ সদস্যের সংসার ধান চাষের আয় দিয়েই চলে। এবার তাঁর ১৫ বিঘা জমিতে লাগানো বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু শ্রমিকের অভাবে তিনি খেতের ধান ঘরে তুলতে পারছেন না।
উপজেলার বেশির ভাগ কৃষকের অবস্থাও প্রায় একই। শ্রমিকের অভাবে পাকা ধান খেতে পড়ে রয়েছে। যথাসময়ে ধান কাটতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা। শফিকুল বলেন, ‘এক মণ বোরো ধানের দর এবার ৩০০ টাকা। আর একজন শ্রমিকের এক দিনের মজুরি ৩০০ টাকা। তাও শ্রমিক পাওয়া যায়ছে না।’
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৯ হাজার ৫১৩ একর জমিতে এবার বোরো ধান চাষ করা হয়েছে। জানুয়ারির শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এসব জমিতে বোরো ধান লাগানো হয়।
ইকরচালী, হাড়িয়ারকুঠি, আলমপুর, সয়ার ও কুর্শা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ বছর ধানের ফলন ভালো হয়েছে। গত বুধবার সকালে বালাবাড়ি, ইকরচালী, তারাগঞ্জ ও চিকলীর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, শ্রমিকের খোঁজে কৃষকেরা এসেছেন। এই এলাকায় গঙ্গাচড়া, কুড়িগ্রাম জেলার শ্রমিকেরা ধান কাটতে আসেন। এ সময় অনেক কৃষক আগত শ্রমিকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
কাশিয়াবাড়ি গ্রামের কৃষক মামুন অর রশিদ বলেন, ‘মোর ১২ বিঘা জমির ধান পাকছে। কিন্তু সরকারের মঙ্গা নিরসন কর্মসংস্থান কর্মসূচিতে মাটি কাটার কাজে শ্রমিক লাগায় ধান কাটার শ্রমিক পাচ্ছি না।’
মেনানগর গ্রামের কৃষক এনামুল হক বলেন, ‘বিদেশি (অন্য জেলার) শ্রমিক না পায়া মুই দেশি (নিজ এলাকার) দুজন শ্রমিক ধান কাটার কাজে নাগাছুন। এবার প্রতি বিঘা (৩৩ শতক) জমির ধান কাটার জন্য ১ হাজার ৭০০ টাকা চুক্তি করি শ্রমিক নিছনু। ’
শাহপাড়া গ্রামের কৃষক সাবের হোসেন বলেন, ‘প্রতিবছরে হামার ধান কুড়িগ্রামের শ্রমিক আসি কাটি দেয়। এবার উল্টা হামরা শ্রমিকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করিও আইনবার পারিছি না। পাকা ধান জমিতে নষ্ট হইচ্ছে।’
গঙ্গাচড়া উপজেলার কৃষিশ্রমিক মনিরুল ইসলাম বলেন, ‘এখন হামার গ্রামোত কামের অভাব নাই। আগোত হামার উপজেলার মানুষ দলে দলে তারাগঞ্জত আসছিল। এখন হামার উপজেলার চরে ধান কাটতে ওমরা (আমরা) ব্যস্ত।’
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, এবার ধানের ভালো ফলন হয়েছে। তবে শ্রমিকের অভাবে ধান কাটা পিছিয়ে পড়েছে।