শ্রমিকসহ তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাটের মোল্লাহাটে গত শুক্রবার বাস উল্টে আবদুস সালাম (৩০) নামের একজন নিহত ও অপর ১০ জন আহত হন। একই দিন যশোরের অভয়নগরে বাসের চাপায় কৃষক ওহাব বকশী (৬৫) ও রাজবাড়ীর গোয়ালন্দে বাসের ধাক্কায় পরিবহনশ্রমিক রানা বেপারী (২০) নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;বাগেরহাট: মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে খুলনার ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের মুকুল শেখের ছেলে আবদুস সালাম নিহত ও আরও ১০ জন আহত হন।অভয়নগর (যশোর): যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজারসংলগ্ন মহাকাল বালিকা বিদ্যালয়ের সামনে গতকাল দুপুরে ওহাব বকশীকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে তিনি মারা যান। তাঁর বাড়ি অভয়নগরের বাহিরঘাট গ্রামে।গোয়ালন্দ (রাজবাড়ী): উপজেলার দৌলতদিয়াঘাট এলাকায় শুক্রবার গভীর রাতে বাসের ধাক্কায় রানা বেপারী নামের এক পরিবহনশ্রমিক নিহত ও লাভলু ফকির (১৯) নামে তাঁর এক বন্ধু গুরুতর আহত হন।নিহত রানা উত্তর দৌলতদিয়ার করম আলী বেপারীর ছেলে। লাভলু ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।