শ্রমিকসহ ১৩৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
গাজীপুরের বাংলাবাজার এলাকায় গতকাল রোববার বেসরকারি ইপিলিয়ন গ্রুপ ১৩৯ জন শিক্ষার্থীকে ২২ লাখ টাকা বৃত্তি দিয়েছে। এসব শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন শ্রমিক।
পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ে ওই শিক্ষার্থীদের হাতে সনদ ও অর্থ তুলে দেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন। এ সময় অন্যদের মধ্যে ইপিলিয়ন গ্রুপের পরিচালক জুনাইদ আবু সালেহ মুসা, কিশোয়ার জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।
রিয়াজ উদ্দিন আল মামুন বলেন, ২০১২ সালের ২৯ নভেম্বর ইপিলিয়ন ফাউন্ডেশনের কিন হ্যান্ড ফর এডুকেশনাল অ্যাসিস্ট্যান্স (খেয়া) প্রকল্প যাত্রা শুরু করে। খেয়া এযাবৎ ৫৪০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। তিনি আরও বলেন, ওই সব শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন ইপিলিয়ন গ্রুপে চাকরি করেও লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ১১ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছেন। এ ছাড়া খেয়া ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতেও কাজ করছে।
বৃত্তিপ্রাপ্ত রাসেল শেখ বলেন, তিনি এক কারখানার অফিস সহকারী হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি মিরপুর বাঙলা কলেজের সম্মানের ছাত্র। তাঁকে ১৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। আয়োজকেরা আরও বলেন, স্নাতক শিক্ষা শেষ করছে এমন শিক্ষার্থীদের ইপিলিয়ন ফাউন্ডেশন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।