শ্রমিকস্বার্থ সুরক্ষায় এমওইউ সই করেছে ঢাকা ও মালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী শ্রমিকের স্বার্থ সুরক্ষাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। এর ফলে দ্বীপরাষ্ট্রটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থানের পথ সুগম হবে।গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চলতি বছরের শেষে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্তভাবে মালদ্বীপের বাজারে প্রবেশের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।দীপু মনি বলেন, ‘দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এ বছরের শেষে মালদ্বীপ সে দেশের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে। এ ছাড়া পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে বিমানের ইউরোপগামী ফিরতি ফ্লাইট মালে হয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে মালদ্বীপ।’জনশক্তি খাতে সহযোগিতার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, মালদ্বীপ বাংলাদেশের কাছ থেকে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি সে দেশের নার্সদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের সহায়তা চেয়েছে। এ ছাড়া সে দেশের বিচারব্যবস্থার বিকাশে বিচারকদের প্রশিক্ষণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে।এ প্রসঙ্গে আহমেদ নাসিম বলেন, ‘স্বৈরতান্ত্রিক শাসনের অবসানের পর গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশে যেসব সমস্যা আছে, বিচারব্যবস্থা তার অন্যতম। এ লক্ষ্যে শরিয়া আইনসহ বেশ কয়েকটি ক্ষেত্রে বিচারকদের প্রশিক্ষণে আমরা বাংলাদেশের সহযোগিতা চেয়েছি।’প্রসঙ্গত, নতুন সমঝোতা স্মারকটি সইয়ের ফলে মালদ্বীপে কর্মরত ১৭ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধতা পেয়েছেন। দ্বীপরাষ্ট্রটিতে এখন ৫০ হাজারের বেশি বাংলাদেশি কাজ করছেন।