শ্রমিকের ক্ষতিপূরণ অপর্যাপ্ত, তা-ও পেতে ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের মাসিক মূল মজুরি যা-ই হোক না কেন, জখমের ফলে মৃত্যুতে তাঁর প্রাপ্য এক লাখ টাকা। স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কারণে শ্রমিকের প্রাপ্য এক লাখ ২৫ হাজার টাকা। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর পঞ্চম তফসিলে এটুকু সুবিধার উল্লেখ আছে।শ্রমিক নেতারা বলছেন, এই ক্ষতিপূরণ একেবারেই নগণ্য। তাঁদের মতে, এই ক্ষতিপূরণ যদি মামলা লড়ে নিতে হয়, তাহলে যে অর্থ পাওয়ার কথা, মামলায় খরচ হয় তার চেয়ে অনেক বেশি। শ্রম আইনের ১৯ ধারায় শ্রমিকের স্বাভাবিক মৃত্যু ঘটলে ক্ষতিপূরণের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, কোনো মালিকের অধীন একনাগাড়ে তিন বছর কাজ করেছেন, এমন শ্রমিকের মৃত্যু হলে প্রতিবছরের জন্য এক মাস বিবেচনা করে মালিক মজুরি বা গ্র্যাচুইটি দেবেন। অর্থাৎ যদি তিন বছর কাজ করেন, তবে শ্রমিকের মনোনীত ব্যক্তি বা তাঁর অবর্তমানে পোষ্য তিন মাসের মূল মজুরি পাবেন।শ্রম আইনের ১৫০ ধারায় শ্রমিকের দুর্ঘটনাজনিত জখমের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার বিধান আছে। ১৫০ (১) অনুসারে, চাকরি চলাকালে সেখান থেকে তৈরি হওয়া দুর্ঘটনার ফলে যদি কোনো শ্রমিক শরীরে জখমপ্রাপ্ত হন, তবে মালিক তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। তবে এই বাধ্যবাধকতা বেশ কিছু শর্তের ওপর নির্ভর করে। যেমন: শ্রমিক যদি তিন দিনের বেশি সময় কর্মক্ষমতা না হারান, দুর্ঘটনার সময় শ্রমিক মদ্যপ থাকেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা থাকার পরও শ্রমিক যদি তা না গ্রহণ করেন বা নিরাপত্তাবিধি মেনে না চলেন, তাহলে ক্ষতিপূরণ প্রযোজ্য নয়।শ্রম আইনের প্রথম তফসিলে স্থায়ী আংশিক অক্ষমতা সৃষ্টিকারী হিসেবে ধরা যায়, এমন ৫৪ ধরনের জখমের তালিকা দেওয়া আছে। শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলছেন, ‘এখন যে প্রাপ্য ধার্য আছে তা অমানবিক। একজন শ্রমিকের যে বয়সে মৃত্যু হয়, এর সঙ্গে তাঁর বাকি জীবনে প্রাপ্য ধরে মোট ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে।’ তিনি জানান, মোহাম্মদপুরে স্মার্ট গার্মেন্টস দুর্ঘটনার পর মূলত বিদেশি ক্রেতাদের চাপে এ বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকদের বেশি পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। আইনি কাঠামোতে এই বাধ্যবাধকতা রাখার দাবি করেন তিনি। সব শিল্পের সক্ষমতা এক নয়, এই বিবেচনা থেকে সবার জন্য একই রকম ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম। তিনি বলেন, একজন ছোট দোকানি বা অপ্রাতিষ্ঠানিক খাতের কোনো মালিকের জন্য এর চেয়ে বেশি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এর বিকল্প হিসেবে তিনি এই সরকারের আমলে গঠন করা শ্রমিককল্যাণ তহবিলের কথা বলেন, যেখানে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে। সর্বশেষ তাজরীনের দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের এই তহবিল থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানগুলো আইনত লভ্যাংশের ৫ ভাগ দিতে বাধ্য। এর এক ভাগের অর্ধেক দিয়ে এই তহবিল গঠন করার কথা। ইস্রাফিল আলম বলেন, ‘সবাই যদি স্বেচ্ছায় এই তহবিলে অর্থ দেন, তবে এর পরিমাণ হাজার কোটি টাকা ছাড়াবে।’ তবে এ পর্যন্ত মাত্র আটটি প্রতিষ্ঠান এই তহবিলে অর্থ জমা দিয়েছে এবং জমার পরিমাণ সাড়ে চার কোটি টাকা। বেসরকারি সংগঠন আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির জ্যেষ্ঠ আইন পরামর্শক এ কে এম নাসিম বলেন, আইনে ক্ষতিপূরণ যত অল্পই থাকুক, তা পেতে আদালতের কাছে যেতে হলে শ্রমিকদের ব্যাপক ঝামেলা পোহাতে হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় মোট সাতটি শ্রম আদালত আছে। শ্রমিকদের হয়রানির কথা ভেবে প্রতিটি জেলায় একটি শ্রম আদালত তৈরির প্রস্তাব সংসদীয় কমিটি থেকে দেওয়া হয়েছে বলে জানান ইস্রাফিল আলম। এটি এখন বিবেচনার জন্য আইন মন্ত্রণালয়ে আছে বলেও জানান তিনি।