শ্রমিকের ক্ষতিপূরণ দিতে মানদণ্ড ঠিক করার সুপারিশ
কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার যে বিধান শ্রম আইনে রয়েছে, তা বড়জোর অনুদান হতে পারে, কোনোভাবেই ক্ষতিপূরণ নয়। এ ক্ষেত্রে আইন সংশোধনের মাধ্যমে নিহত শ্রমিকের পরিবার বা আহত হয়ে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো কোনো শ্রমিকের ক্ষতিপূরণ নির্ধারণে শ্রমিকের বয়স, অবসরের বয়সসীমা, মৃত্যুর সময় মাসিক আয় ও মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।
শ্রমিকের জন্য কার্যকর ক্ষতিপূরণ নির্ধারণে আয়োজিত গণশুনানিতে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলা হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি যৌথভাবে এই শুনানির আয়োজন করে রাজধানীর সিরডাপ মিলনায়তনে।
শুনানিতে বিদ্যমান আইনে ক্ষতিপূরণ-সংক্রান্ত বিধি-বিধান পর্যালোচনা করে এর সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার কয়েকজন শ্রমিক ক্ষতিপূরণ পাওয়া নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।
শুনানির অন্যতম জুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হতে পারে না। তবে মৃত্যুর পর নিহতের পরিবারের সদস্যরা যেন মোটামুটি স্বচ্ছন্দে চলতে পারে, সে জন্য ক্ষতিপূরণ নির্ধারণে একটা মানদণ্ড ঠিক করা প্রয়োজন।
গণশুনানির সভাপতি বিচারপতি মো. আওলাদ আলী বলেন, কার্যকর ক্ষতিপূরণ নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনায় নিতে হবে, সেগুলো শ্রম আইনে উল্লেখ করে দিতে হবে।
শুনানিতে জুরি হিসেবে অন্যদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ সুমন, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইদ্রিসুর রহমান ও জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এবং আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান।
শুনানি সঞ্চালনা করেন ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন।