শ্রমিকের ক্ষতিপূরণের ন্যূনতম মানদণ্ড নির্ধারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মতবিনিময় সভায় কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। বর্তমান আইনে যে ক্ষতিপূরণের কথা বলা আছে, তা অপ্রতুল আখ্যা দিয়ে আইন সংশোধনেরও দাবি জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণ: ন্যূনতম মানদণ্ড’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সেফটি রাইটস সোসাইটি (এসআরএস)। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের চার বছর পূর্তিতে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় ন্যূনতম মানদণ্ডবিষয়ক উপস্থাপনায় ব্লাস্টের লিগ্যাল সেলের উপপরিচালক মো. বরকত আলী সুপারিশ করেন, ক্ষতিপূরণের ন্যূনতম মানদণ্ডের ভিত্তি হতে পারে আইএলও কনভেনশন ১২১, মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫ এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত (বাংলাদেশ বেভারেজ ভার্সেস রওশন আক্তার অ্যান্ড আদার্স)। নিহত শ্রমিকের ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে অবসর গ্রহণ পর্যন্ত মোট আয়ের সমপরিমাণ টাকা, গ্র্যাচুইটি, পোষ্যদের জীবন-জীবিকার জন্য অনুমিত খরচ এবং পোষ্যদের মধ্যে কমপক্ষে একজনকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। আর দুর্ঘটনায় আহত অস্থায়ী অক্ষমদের ক্ষেত্রে চিকিৎসা বাবদ অনুমিত খরচ, অক্ষমতার মেয়াদকাল পর্যন্ত মাসিক মজুরি ও আনুষঙ্গিক সুবিধাদি দেওয়া এবং স্থায়ী অক্ষম শ্রমিকদের ক্ষেত্রে অবসর গ্রহণ পর্যন্ত আয়ের পরিমাণ টাকা দেওয়া, অবসর গ্রহণকালে প্রাপ্য গ্র্যাচুইটি, চিকিৎসা বাবদ অনুমিত খরচ, তাঁর ও পোষ্যদের জীবন-জীবিকার জন্য অনুমিত খরচ এবং অক্ষম ব্যক্তির উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি বিচারপতি মো. আওলাদ আলী বলেন, এক শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে জখমের ধরন অনুযায়ী কত টাকা পেতে পারেন, অবহেলার কারণে মারা গেলে কত টাকা পেতে পারেন এসব বিষয় আইনে থাকা উচিত।
সুনির্দিষ্ট মানদণ্ড নিরূপণের দাবি জানিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, আইন থাকলেও ক্ষতিপূরণ আদায়ে অনেক জটিলতা আছে। এখন নিহত ব্যক্তিদের ক্ষেত্রে এক লাখ টাকার কথা বলা আছে, এ টাকা এখনকার সময়ে খুবই সামান্য। তিনি বলেন, ক্ষতিপূরণ দেবে মালিক। কিন্তু রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনার পর মালিক কোনো ক্ষতিপূরণ দেননি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শ্রমিক দলের উপদেষ্টা জাফরুল হাসান, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, মো. কাউসার প্রমুখ বক্তব্য দেন।