শ্রমিকের চালের টাকা প্রকল্প চেয়ারম্যানদের পকেটে!
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের চাল-গম দেওয়ার নিয়ম থাকলেও তাঁরা তা পাচ্ছেন না। শ্রমিকেরা কাজের বিনিময়ে পাচ্ছেন টাকা। তবে সেই টাকাও বাজার অনুযায়ী নয় বলে জানা গেছে। অন্যদিকে শ্রমিকদের নগদ টাকা দেওয়ার কারণে প্রকল্প চেয়ারম্যানরা প্রকল্পের জন্য বরাদ্দ চাল-গমের সরবরাহপত্র (ডিও) ব্যবসায়ী চক্রের কাছে আগাম বিক্রি করে দেন। আর ওই ব্যবসায়ীরা ডিও নিয়ে গুদাম থেকে চাল-গম তোলেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্পে এসব অনিয়ম-দুর্নীতিতে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁরা এ অভিযোগ অস্বীকার করেছেন।নিয়ম অনুযায়ী কাবিখা প্রকল্পে প্রতি ঘনফুট মাটি কাটার জন্য ১ দশমিক ৮৬৭ কেজি ও টিআর প্রকল্পের প্রতি ঘণ্টা কাজের জন্য এক কেজি চাল শ্রমিকেরা পাওয়ার কথা। কাজের বিনিময়ে শ্রমিকেরা চাল বা গম পেয়ে মাস্টাররোলে স্বাক্ষর করবেন। প্রকল্পের সভাপতি সেই মাস্টাররোল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দাখিল করবেন। জানা গেছে, কাবিখা ও টেস্ট রিলিফের আওতায় কাজ করা অধিকাংশ শ্রমিক ওই সব নিময়কানুন জানেন না। তাঁরা প্রতিদিন ১০০ থেকে ১২০ টাকা মজুরি পান। প্রকল্পের সভাপতিরা শ্রমিকদের মধ্যে চাল বিতরণ দেখিয়ে ভুয়া মাস্টাররোল দাখিল করেন বলে অভিযোগ রয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারের আওতায় কাবিখা ও টেস্ট রিলিফ প্রকল্পে উপজেলায় গত মাস পর্যন্ত ৩৭২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর বিপরীতে কাবিখার ২৯টি প্রকল্প ও টিআরের ৮৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে মোট বরাদ্দের ৮০ শতাংশ চালের ডিও প্রকল্প চেয়ারম্যানদের ইস্যু করা হয়েছে। সরকারি গুদাম থেকে বরাদ্দের ওই পরিমাণ চাল ইতিমধ্যে তোলা হয়েছে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বলেন, ‘অনেকেই ডিও কিনছে। তাই এবার আমিও কিনছি।’ একটি প্রকল্পের সভাপতি ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘প্রকল্পের চাল-গমের ডিও আগাম বিক্রি হওয়ার ঘটনা নতুন নয়। অনেক ক্ষেত্রে প্রকল্পের আগেই টাকা লাগে, সেটি তো আর পকেট থেকে দেওয়া যায় না।’ তিনি জানান, শ্রমিকেরা চালের বদলে টাকা নেন।পশ্চিম শিয়লাপাড়া আয়েনের বাড়ি থেকে সান্তাহার যাওয়ার পাকা রাস্তাটি পুনর্নির্মাণে বরাদ্দ রয়েছে আট টন চাল। তিলকপুর ইউপির সদস্য বাদশা এ প্রকল্পের সভাপতি। তিনি তিন টন চালের টাকায় এ কাজের চুক্তি দিয়েছেন শ্রমিকসর্দার বেলাল হোসেনকে। প্রকল্পের সভাপতি তা স্বীকার করে জানান, এই টাকাতেও শ্রমিকেরা লাভবান হবেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবুল আলম বলেন, টিআর, কাবিখা ও টিআর প্রকল্পের চূড়ান্ত ডিও এখনো দেওয়া হয়নি। প্রকল্প দেখে চূড়ান্ত ডিও ছাড়া হবে। শ্রমিকেরা চাল পান না এমন অভিযোগ কেউ করেনি। প্রকল্পের সভাপতিরা আগাম ডিও বিক্রি করে দেওয়ার বিষয়টি তিনি জানেন না।আক্কেলপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) সালাহউদ্দিন বলেন, ডিও দিয়ে প্রকল্প সভাপতিরা চাল তোলেন। প্রকল্প সভাপতি ছাড়া কাউকে চাল দেওয়া হয় না। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এ এম রফিকুন্নবী এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।