শ্রমিকের ছোড়া পাথরে দাঁত গেল ট্রেনচালকের
নাটোরের নলডাঙ্গা রেলস্টেশনে গতকাল শুক্রবার সকালে রেলশ্রমিকদের ছোড়া পাথরের আঘাতে আন্তনগর তিতুমীর এক্সপ্রেসের সহকারী চালক মোতালেব হোসেনের চারটি দাঁত ভেঙে গেছে। এ ঘটনার পর ট্রেনটির যাত্রা প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
তিতুমীর এক্সপ্রেসের সহকারী পরিচালক গোলাম আজম জানান, নাটোর রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার পর সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি নলডাঙ্গা রেলস্টেশনের কাছে পৌঁছায়। এ সময় সেখানে রেললাইনে পাথর বিছানোর কাজ করছিলেন শ্রমিকেরা। স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে লাল পতাকা উঁচিয়ে ট্রেন থামানোর সংকেত দেন কয়েকজন শ্রমিক। দুর্ঘটনার আশঙ্কা থাকায় তাঁরা ট্রেনটি না থামিয়ে চলতে থাকেন। তখন শ্রমিকেরা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন। একটি পাথর সহকারী চালকের মুখে এসে লাগলে তাঁর চারটি দাঁত ভেঙে যায়। ট্রেনটি নলডাঙ্গা রেলসেতু অতিক্রম করে দ্রুত থামিয়ে দেওয়া হয়। তবে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন শুরু করলে আবার চালিয়ে ট্রেনটি পরবর্তী স্টেশন মাধনগরে গিয়ে থামানো হয়। সেখানে সহকারী চালককে চিকিৎসা দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি আবার চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনের পরিচালক ওমর ফারুখ জানান, রেললাইন মেরামতের জন্য কোথাও ট্রেন থামানো বা ধীরে চলার দরকার হলে আগের স্টেশন থেকে তা পরিচালককে লিখিতভাবে জানানোর বিধান রয়েছে। কিন্তু নাটোর স্টেশন থেকে এ ধরনের কোনো সতর্কতা জানানো হয়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।