বান্দরবান জেলা শহরের কালাঘাটার ফ্রান্সিঘোনায় পাহাড় কাটার দায়ে মোহম্মদ সেলিম নামের একজন শ্রমিককে গতকাল রোববার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে জান্নাত এই আদালত পরিচালনা করেন। তবে
কেটে ফেলা ওই পাহাড়ের মালিককে পুলিশ প্রশাসন চেনে না বলে জানিয়েছে।
গত ১৩ জুন ভোরে পাহাড়ধসের ঘটনায় বান্দরবান জেলায় প্রাণ হারায় ছয়জন। ওই দিন প্রবল বৃষ্টিতে ফ্রান্সিঘোনা এলাকার একটি পাহাড়ের একাংশও ধসে পড়ে। পাহাড়ের বিশাল একটি খণ্ড আছড়ে পড়ে পাশের বাড়ির টিনের চালে। সৌভাগ্যক্রমে সেদিন ওই বাড়ির সদস্যরা বেঁচে যান। সেখানেই আবার নতুন করে ৭০ ফুট উঁচু পাহাড় কাটা শুরু হয়েছে।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘এত প্রাণহানির পরও আবার পাহাড় কাটা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, গতকাল মোহাম্মদ সেলিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। তাঁকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কেটে ফেলা পাহাড়ের মালিকের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে জান্নাত বলেন, পুলিশ সেলিম নামে একজনকে আটক করে তাঁর কাছে নিয়ে এসেছিল। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০০ টাকা জরিমানা করেন ও মুচলেকা নেন।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, পাহাড় কাটার ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না। এখন এ বিষয়ে জানার পর তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।