শ্রমিকের টাকা চলে যাচ্ছে অন্যের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য বেড়ে গেছে। একটি বিশেষ শ্রেণির মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।
গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির চতুর্থ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম এসব কথা বলেন। এতে সংগঠনের জেলা সভাপতি এম এ শাহীন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী দেশের মাথাপিছু গড় আয় ১ লাখ ৩০ হাজার টাকা বলে জানালেও শ্রমিকের ভাগ্যে তা জুটছে না। শ্রমিকেরা পাচ্ছেন মাত্র ৭০ থেকে ৭৫ হাজার টাকা। দেশের শ্রমিকদের জন্য বরাদ্দ অবশিষ্ট আট লাখ কোটি টাকা চলে যাচ্ছে অন্যের হাতে। পে-স্কেল ঘোষণা করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন দ্বিগুণ করা হয়েছে। কিন্তু সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রয়োজন মনে করছে না। মালিকেরাও মজুরি বৃদ্ধি ও ন্যায্য মজুরি দিতে টালবাহানা করছেন। তিনি সরকারের কাছে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা, রেশনিং, বাসস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আশুলিয়ায় গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি ও অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
সম্মেলনে আরও বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির জ্যেষ্ঠ নেতা দুলাল সাহা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ আঞ্চলিক নেতারা।