শ্রমিকের টাকা ধনীর পকেটে!
কক্সবাজারের উখিয়ায় কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। কাজ বন্ধ রেখে এবং অনুপস্থিত শ্রমিকদের উপস্থিত দেখিয়ে ব্যাংক থেকে তাঁদের নামে টাকা তোলা হয়। প্রকল্পের সদস্যরা শ্রমিকদের টাকার একটি বড় অংশ নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রকল্পের কমিটির সদস্যদের বিরুদ্ধে শ্রমিকদের তালিকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা, সচ্ছল ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন আগে শ্রমিকদের কাছ থেকে মজুরির টাকা আদায়কালে আওয়ামী লীগের এক নেতা লাঞ্ছিত হয়েছেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার রাজাপালং, রত্নাপালং, পালংখালী, হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নে ২০টি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পে তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা দুই হাজার ৪৬ জন। ৭ এপ্রিল থেকে কাজ শুরু হয়। এ জন্য এই উপজেলায় এক কোটি ২২ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিটি ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের প্রত্যেক অনুপস্থিত শ্রমিকের নামে প্রতি সপ্তাহে ৭৫০ টাকা করে ওঠানো হয়। পরে ওই শ্রমিককে ২৫০ টাকা দিয়ে বাকি ৫০০ টাকা নিজের পকেটে রাখা হয়। আবার যাঁরা কাজ করেছেন, তাঁদের কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করা হয়। এভাবে আদায় হওয়া টাকা প্রকল্পের সভাপতি, সদস্য ও জনপ্রতিনিধিরা ভাগবাটোয়ারা করে নেন। অনুসন্ধানে জানা গেছে, শ্রমিকের তালিকায় জালিয়াপালং ইউনিয়ন প্রকল্প কমিটির সদস্য ও সচ্ছল ব্যক্তি, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছাদেক আলী, তাঁর স্ত্রী আয়েশা বেগম ও দুই ছেলে, জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাকো আলম, তাঁর বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য খাইরুল আমিন ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম, ইউপি সদস্য আনোয়ারা বেগম, ব্যবসায়ী সাদেক আলী, সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী বাবুল আবছার, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, রত্নাপালং ইউপির সদস্য নেজাম উদ্দিনসহ আরও অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া হাজি হোসন আলীর বাড়ি থেকে মেরিন ড্রাইভ রোড সংস্কার ও বড়ছড়া পুনঃখনন প্রকল্প এলাকায় ১২০ জন শ্রমিকের কাজ করার কথা। ২২ মে সেখানে গিয়ে মাত্র ৩৫-৪০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। সোনাইছড়ি থেকে সমিতির ঘোনা রাস্তা উন্নয়ন প্রকল্পের শ্রমিক জাফর আলম ও আবুল বশর অভিযোগ করেন, তাঁরা কাজ না করে প্রতি সপ্তাহের টাকা তুলে ৫০০ টাকা করে ছাদেক আলীকে দিয়েছেন। শুরু থেকেই এ প্রকল্পের ৯০ জন শ্রমিকের স্থলে ৩০-৩৫ জন শ্রমিক কাজ করছেন। গত ২২ মে রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া রাস্তা থেকে ফুলঝিরি ঢালা সংস্কার প্রকল্পে ১০০ জন শ্রমিকের স্থানে ৩০-৩৫ জনকে কাজ করতে দেখা যায়। রূপালী ব্যাংক লিমিটেডের কোটবাজার শাখা থেকে গত ১৬ মে টাকা ওঠানোর পর ১০ জন শ্রমিকের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন ছাদেক আলী। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা তাঁকে লাঞ্ছিত করেন। আওয়ামী লীগের নেতা ছাদেক আলী বলেন, ‘এভাবে অনিয়ম করতে গিয়ে আমি চরম অপদস্থ ও লাঞ্ছিত হয়েছি। বদনাম হচ্ছে আমার, কিন্তু সুবিধা পাচ্ছে অন্যরা।’জালিয়াপালং ইউনিয়ন প্রকল্প কমিটির সভাপতি উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন বলেন, ‘আমাকে দেওয়ার কথা বলে টাকা আদায় করলে ছাদেক আলীর হাত-পা ভেঙে দেওয়ার জন্য শ্রমিকদের বলা হয়েছে।’ পিআইও এ বি এম সিরাজুল হক বলেন, তাঁর কাজ প্রকল্প তৈরি ও বিলে সই করা। সংশ্লিষ্ট ইউনিয়নের প্রকল্পের সভাপতিরা এসব কাজ তদারকের দায়িত্বে আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, অনিয়ম ও শ্রমিকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।