শ্রমিকের নিরাপত্তা, বাঁচার মতো মজুরি ও কারখানায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে গত শনিবার বিকেলে ঢাকার সাভারের আনন্দপুরে শ্রমিক সমাবেশ হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি নামের একটি সংগঠন এর আয়োজন করে।
আনন্দপুর সিটি লেন সংকলন পাঠশালা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মানবাধিকার সংগঠক হামিদা হোসেন, মানবাধিকারকর্মী জ্যোতির্ময় বড়ুয়া, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার প্রমুখ।
হামিদা হোসেন বলেন, বিভিন্ন দুর্ঘটনায় রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রামসহ বিভিন্ন কারখানায় হাজারো শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এসব দুর্ঘটনায় মালিকের দায় আছে। কিন্তু যেসব সংস্থা এসব প্রতিষ্ঠানের অনুমতি দিয়েছে, তাদের দায়ী করা হচ্ছে না। প্রতিবছর কত কারখানায় আগুন লাগছে অথচ এর জন্য ফায়ার সার্ভিসকে দায়ী করা হয় না। তারা কি কারখানা পরিদর্শন না করেই অনুমোদন দিয়ে দেয়?
জ্যোতির্ময় বড়ুয়া বলেন, তাজরীনের ঘটনার পরও ৪৮টি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যে অর্থ দেওয়া হচ্ছে, তা ক্ষতিপূরণ নয়, অনুদান। ক্ষতিপূরণের ওপর শ্রমিকের যে অধিকার আছে, অনুদানের ওপর তা থাকে না।
সমাবেশে তাসলিমা আখতার বলেন, রানা প্লাজা ধসের আড়াই বছর পার হলেও এখন পর্যন্ত শ্রম আইনে ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির প্রসঙ্গটি জোরদার হয়নি। রানা প্লাজা ও তাজরীনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তাজরীনের মালিক দেলোয়ার হোসেন এবং রানা প্লাজার অনেকেই জামিনে জেলের বাইরে। সরকারি কর্মকর্তাদের দায়িত্বে গাফিলতির দায়ে অভিযুক্ত করা হলেও এখনো আইনি কাঠামোর মধ্যে আনা হয়নি তাঁদের। ক্ষতিপূরণের জন্য আহত শ্রমিকেরা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সরকার শ্রমিকদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
সমাবেশ শেষে আজাদ আবুল কালাম ও রফিকুল ইসলামের ভাবনায় এবং সাইফুল ইসলাম জার্নালের রচনায় নাটকের দল প্রাচ্যনাট্য পুতুল মানব নাটক পরিবেশন করে। রানা প্লাজা ধসকে কেন্দ্র করে নাটকটি তৈরি করা হয়। সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক নেতা বাচ্চু ভূঁইয়া, গার্মেন্টস শ্রমিক সংহতির সদস্যসচিব জুলহাস নাইন, রানা প্লাজা শাখার আহ্বায়ক সিরাজ ফকির প্রমুখ।