শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে হরতাল ডাকা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে হরতাল হয় না। শ্রমিকেরা যদি দাবি আদায়ে হরতাল ডাকেন, তখন বলা হয় বিদেশি চক্রান্তে দেশ অচল করার ষড়যন্ত্র করছেন তাঁরা। তিনি সম্প্রতি বিরোধী দল আহূত দুটি হরতালের কঠোর সমালোচনা করে বলেন, বৃহত্তর জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিকেন্দ্রিক ক্ষুদ্র স্বার্থের জন্য হরতাল আহ্বান করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শ্রমিকনেতা আবুল বাশারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহার সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী প্রমুখ।রাশেদ খান মেনন আরও বলেন, বর্তমানে শ্রমিকদের স্বার্থ আর অধিকার নিয়ে কথা বলা হলে তাদের কঠোর সমালোচনা করা হয়। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বাড়ি থেকে উচ্ছেদের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেকে বাস্তুহারা বলে দাবি করে প্রকৃত বাস্তুহারাদের সঙ্গে রসিকতা করেছেন। প্রয়াত শ্রমিকনেতা আবুল বাশারকে কিংবদন্তি শ্রমিকনেতা হিসেবে আখ্যায়িত করেন তিনি।