শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি মে দিবসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার গাইবান্ধা ও নীলফামারীতে মহান মে দিবস পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।
গত শুক্রবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায় প্রমুখ। জেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি খায়রুল ইসলাম। এ ছাড়া জাতীয় শ্রমিক জোট, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, পৌর কর্মচারী সংসদ, গরুরগাড়ি কুলি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক জোট, জেলা দোকান কর্মচারী ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে।
জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শোভাযাত্রা শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে বক্তৃতা করেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। উন্নয়ন সংগঠন নীলসাগর গ্রুপ নীলফামারী স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে সমাবেশে মিলিত হয়। শহরের বড় বাজারে শ্রমজীবী মানুষকে নিয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করে ওস্তাদ মমতাজ আলী খান স্মৃতি সংসদ। শিল্পী ফারুক ভূঁইয়া সংগীত পরিবেশন করেন।