শ্রমিকের ন্যায্য মজুরির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন যশোর শহরে শোভাযাত্রা বের করে l ছবি: প্রথম আলো
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন যশোর শহরে শোভাযাত্রা বের করে l ছবি: প্রথম আলো

দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গত শুক্রবার মহান মে দিবস পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুক্রবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরের পাশে বটতলায় বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হাসান, অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, কমিউনিস্ট পার্টির সহসভাপতি কমরেড সৌমেন দাস প্রমুখ। সভায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করাসহ মৌলিক চাহিদা পূরণের জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর থেকে কয়েকটি সংগঠন শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গোয়ালন্দ বাজার আড়তপট্টি রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে এটি শেষ হয়। সেখানে সংগঠনের সভাপতি শহিদ মোল্যার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী প্রমুখ।
ফরিদপুর: ‘শ্রমিক মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি’ স্লোগান সামনে রেখে শুক্রবার ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আক্কাস হোসেন। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের ইমামউদ্দিন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কবি জসীমউদ্‌দীন হলে গিয়ে শেষ হয়। জাতীয় শ্রমিক লীগ ও জাতীয়তাবাদী শ্রমিক দলও পৃথক শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নগরকান্দা, আলফাডাঙ্গা, চরভদ্রাসনসহ ফরিদপুরের বিভিন্ন উপজেলাতেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

বাগেরহাট: জেলা প্রশাসন ও দক্ষিণ অঞ্চল শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ শুক্রবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে এটি শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন প্রমুখ।

মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে  জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ী ভবনমালিক ও গার্মেন্টস মালিকদের বিচার এবং হতাহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। মঠবাড়িয়ায় ইমারত শ্রমিক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন শহরে শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করেছে।