শ্রমিকের বদলে যন্ত্রে কাবিখার কাজ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের কাজ শ্রমিকের বদলে মাটি কাটার যন্ত্রের (এক্সকাভেটর) সাহায্যে করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে এই প্রকল্পের আওতায় সরকারের গ্রামীণ এলাকায় দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৪-১৫ অর্থবছরে কাবিখা প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়নের জন্য ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। উপজেলা যাচাই-বাছাই উপকমিটি ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৬টি প্রকল্পের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বারদী ইউনিয়নের ফুলদী গ্রাম থেকে আলমদী সড়ক, সনমান্দি ইউনিয়নের অলিপুরা থেকে ফতেপুর সড়ক, কাঠাখালী মসজিদ থেকে গোপেরবাগ সড়ক ও ভটেরকান্দি প্রাথমিক বিদ্যালয় থেকে চেঙ্গাকান্দি সড়ক নির্মাণ।
খোঁজ নিয়ে জানা গেছে, বারদী ও সনমান্দি ইউনিয়নে চারটি প্রকল্পের অধীনে ১৩১ মেট্রিক টন চালের বিপরীতে মাটি কাটার যন্ত্রের সাহায্যে কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামের দরিদ্র কোনো শ্রমিককে এসব প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়নি।
গত রোববার সরেজমিনে দেখা যায়, বারদী ইউনিয়নের ফুলদী গ্রামে ভেকুর সাহায্যে সড়ক নির্মাণকাজ চলছে। সনমান্দি ইউনিয়নের ফতেপুর ও ভটেরকান্দি গ্রামে আগেই মাটি কাটার যন্ত্রের সাহায্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে।
জানতে চাইলে বারদী ইউনিয়নের ফুলদী-আলমদী সড়ক নির্মাণ প্রকল্পের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘শ্রমিক না পাওয়ায় আমরা যন্ত্রের সাহায্যে কাজ বাস্তবায়ন করছি।’
তবে সনমান্দি গ্রামের দুই দরিদ্র ভূমিহীন শ্রমিক আবদুস সাত্তার ও আক্কাস আলী বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। কাজ না পেয়ে অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছি। সড়ক নির্মাণকাজে মেম্বার, চেয়ারম্যানরা আমাদের কাজে নিচ্ছে না।’
যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প যাচাই-বাছাই উপকমিটির সভাপতি আবু নাছের ভূঁঞা বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।