যশোর সফটওয়্যার পার্কে বাদল খান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। বাদল খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের হাতেম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নির্মাণাধীন ভবনের দোতলা থেকে বাদল পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে হাসপাতালের খাতায় লেখা রয়েছে, মাথায় আঘাত ও বিদ্যুৎস্পৃষ্ট। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, বাদলের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। শ্রমিকেরা বলছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। আরেকটি সূত্র বলছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পরে বোঝা যাবে এটি হত্যা না দুর্ঘটনায় মৃত্যু।