শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বালুভর্তি ট্রলির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত আটটার দিকে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের ডহরা প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাঁকে। নিহত যুবকের নাম আবদুল খালেক (২০)। তিনি বোচাগঞ্জ উপজেলার ইনুয়া গ্রামের ভ্যানচালক শফিকুল ইসলামের ছেলে। তিনি ট্রাক্টরে হেলপারের কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুলালের ট্রাক্টরটি টাঙ্গন নদ থেকে বালু নিয়ে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়ক দিয়ে কালপীরের দিকে যাচ্ছিল। খালেক ট্রাক্টরের সঙ্গে জুড়ে থাকা ট্রলিতে বালুর ওপরে বসেছিলেন। ডহরা প্রাথমিক বিদ্যালয়ের কাছে সড়কের বাঁক ঘুরতেই ট্রলিসহ ট্রাক্টরটি পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় খালেক ট্রলির চাপায় গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।