শ্রমিকের মৃত্যু, টাকা দিয়ে আপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে শহীদুর রহমান (৩৩) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। উত্তরার একটি বেসরকারি হাসপাতালে গত শুক্রবার তিনি মারা যান।
এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। শহীদুরের পরিবারকে আড়াই লাখ টাকা দিয়ে আপস করে নিয়েছে ওই ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান। প্রথম আলোর কাছে টাকা নেওয়ার কথা স্বীকার করেছে শহীদুরের পরিবার।
নিহত শহীদুরের গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে। স্ত্রী রোকছানা আক্তার ও পাঁচ বছরের ছেলে আলিফকে নিয়ে তাঁর সংসার। স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে থাকলেও দীর্ঘদিন ধরে ঢাকায় থাকছিলেন শহীদুর। তিন মাস ধরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করছিলেন তিনি।
উত্তরা পশ্চিম থানার এসআই ফেরদৌস আহমেদ বলেন, গত শুক্রবার বেলা তিনটার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি হাসপাতাল থেকে শহীদুরের লাশ উদ্ধার করা হয়। সরেজমিন তদন্তে জানা যায়, শহীদুর যে বাড়ির নিরাপত্তাকর্মী সেই বাড়ির পাশে একটি নির্মাণাধীন বাড়ি আছে। বাড়িটি নির্মাণ করছে করডিয়াল প্রপার্টিজ লিমিটেড। ছয়তলা পর্যন্ত বাড়িটি উঠেছে। নির্মাণকাজের জন্য সেখানে অনেক বাঁশও আছে। গত বৃহস্পতিবার বিকেলে একটি বাঁশ ওপর থেকে সরাসরি শহীদুরের মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে মারা যান তিনি।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘শহীদুরের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু আমরা লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দিই। পরে জানতে পারি, আড়াই লাখ টাকায় আপস হয়ে যাওয়ায় পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার চেষ্টা করেছিল।
ওসি বলেন, গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবার কোনো মামলা করেনি। আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদুরের মামা শ্বশুর মিজানুর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, তাঁদের দাবি ছিল আট লাখ। কিন্তু নির্মাণকারী প্রতিষ্ঠান ৫০ হাজার টাকায় মীমাংসা করতে চেয়েছিল। পরে মামলার কথা বললে তাঁরা নগদ ৫০ হাজার টাকা ও চেকের মাধ্যমে দুই লাখ টাকা দেয়।
‘এ কারণে কি মামলা করেননি?’—প্রশ্ন করলে মিজানুর বলেন, আমরা তো গরিব মানুষ। মামলা কইরা কী লাভ অইব। তাই শহীদুরের ছেলের ভবিষ্যৎ ভাইবা টাকা নিছি।’
ওয়েবসাইটে থাকা করডিয়াল প্রপার্টিজ লিমিটেডের একটি নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জাকির হোসেন নামের একজন প্রথম আলোকে বলেন, তিনি প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান। ঘটনার পর তিনি ‘মিউচুয়াল’ হয়েছে বলে শুনেছেন।