শ্রমিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার এলাকার একটি খাল থেকে রিয়াজ উদ্দিন (৪২) নামের নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, লাশের দেহে আঘাতের দাগ দেখা গেছে। রিয়াজ জেলার হাতিয়া উপজেলার চরচেঙ্গা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিয়ে করেন এবং বিয়ের পর থেকে এই এলাকায় বসবাস করে কাঠকাটা শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাঠকাটার শ্রমিক রিয়াজ প্রতিদিনের মতো একই ওয়ার্ডের শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর দিন শেষে রাতেও আর বাড়িতে ফিরে আসেননি। রাতে ও পরদিন বুধবার দিনভর পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন একই ওয়ার্ডের কাপড় বেপারি বাড়িসংলগ্ন খালের মধ্যে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। রাত সাতটার দিকে থানা-পুলিশ লাশটি উদ্ধার করার পর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন রিয়াজের লাশ শনাক্ত করে।
জানতে চাইলে শ্রমিকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান। প্রথম আলোকে তিনি জানান, নিহত ব্যক্তি এক দিন আগে নিখোঁজ হয়েছিলেন। প্রাথমিক তদন্তে রিয়াজকে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।