শ্রমিকের লাশ পাঠাতে বাধা, ট্রাক ভাঙচুর, টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের ৪ নম্বর ঘাট এলাকায় গত বৃহস্পতিবার এক জাহাজশ্রমিক নিহত হন। লাশ গতকাল শুক্রবার বাড়িতে পাঠানোর উদ্যোগ নিলে পুলিশ শ্রমিকদের বাধা দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ১০টি ট্রাক ভাঙচুর করেন। এ সময় একটি ট্রাক থেকে নগদ টাকা ও মালামাল লুটের ঘটনাও ঘটেছে।ঘাটের শ্রমিক নজরুল জানান, গত বৃহস্পতিবার রাতে ৪ নম্বর ঘাটে নোঙর করা বালু বোঝাই জাহাজ এমবি ডায়মন্ড অব নারিসা-২-এর শ্রমিক মুক্তিযোদ্ধা আবদুল মালেক ঘাটে এলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। বেসরকারি স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর রাতেই তিনি মারা যান। গতকাল সকালে অন্য শ্রমিকেরা নিহত ব্যক্তির লাশ ঘাটে আনার পর তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানোর উদ্যোগ নেয়। কিন্তু পুলিশ এতে বাধা দেয়। পুলিশ লাশ থানায় নিয়ে যেতে চাইলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত একটি ট্রাকের চালক মাহমুদ জানান, উত্তেজিত শ্রমিকেরা মালামাল ওঠানো-নামানো বন্ধ করে দেন এবং বেলা ১১টার দিকে ঘাটে দাঁড়িয়ে থাকা ১০টি ট্রাক ভাঙচুর করেন। এ সময় তাঁরা একটি ট্রাকের চালকের সহকারী মিলনকে মারধর করে পাঁচ হাজার টাকা ও একটি ত্রিপল ছিনিয়ে নেন।খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) এ মজিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ জন্য ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে শ্রমিকেরা ভাঙচুর করেন। পরে লাশ শ্রমিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।