শ্রমিকের সই জাল করে টাকা নিচ্ছেন নেতারা
কক্সবাজারের মহেশখালীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কমসূচির ৫৬টি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকের স্বাক্ষর জাল করে এসব প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছেন কমিটির সদস্য আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে প্রকল্প এলাকার বাইরের শ্রমিকদের দিয়েও কাজ করানো হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, শাপলাপুর, ছোট মহেশখালী, বড় মহেশখালী, হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নের ৫৬টি প্রকল্পের কাজ চলছে। এতে তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা দুই হাজার ৪০৫ জন। ১০ মার্চ থেকে ৪০ দিনের এ কর্মসূচির কাজ শুরু হয়। এ জন্য এক কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা গেছে, হতদরিদ্রদের জন্য হাতে নেওয়া এ কর্মসূচিতে স্থানীয় হতদরিদ্ররা কাজ পাননি। টাকা লুটপাট করার জন্য কৌশলে বাইরের শ্রমিক দিয়ে কাজ করে ভুয়া মাস্টাররোল জমা দিয়ে টাকা উত্তোলন করছে প্রকল্প কমিটির সদস্যরা। কুতুবজোম ইউনিয়নের কামিতাপাড়া পুকুর খনন প্রকল্প এলাকায় উপকারভোগীর সংখ্যা ৪০ জন। সরেজমিনে দেখা যায়, সেখানে কাজ করছেন মাত্র ১৭ জন। এর মধ্যে পার্শ্ববর্তী বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আটজন রয়েছেন। তাঁদের একজন মাঝি মকবুল আহমদ জানান, স্থানীয় বিএনপির নেতা মোহাম্মদ শফি তাঁদের কাজ দিয়েছেন। স্থানীয় শ্রমিকদের কেন কাজ দেননি, তা তিনি জানেন না। প্রকল্প কমিটির সদস্য বিএনপির নেতা মোহাম্মদ শফি দাবি করেন, শ্রমিক না পাওয়ায় বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। তবে এসব প্রকল্পে মাস্টাররোলে কীভাবে শ্রমিক দেখানো হচ্ছে, সে সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।কুতুবজোম এলাকায় ১০ মার্চ থেকে কাজ শুরু হলেও মাস্টাররোল দেখানো হয়েছে ৭ মার্চ থেকে। ওই দিন পুরো এলাকায় ৯০ জন শ্রমিক কাজ করলেও ২৮০ জন শ্রমিকের নামে মাস্টাররোল জমা দিয়ে টাকা উত্তোলন করেছে প্রকল্প কমিটির সদস্যরা। কুতুবজোম ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ চৌধুরী বলেন, ‘শ্রমিকদের স্বাক্ষর জাল করে মাস্টাররোল তৈরি করা হচ্ছে। কারণ, কাজ করতে হলে কিছুটা অনিয়মের আশ্রয় নিতে হয়।’ তিনি আরও বলেন, কাজের সমন্বয় করতে গিয়ে কিছুটা অনিয়ম ও দুর্নীতি হয়েছে।হোয়ানক ইউনিয়নে কাজ শুরু হয় ১০ মার্চ থেকে। প্রথম দিন ৩৯০ জন শ্রমিকের বিপরীতে কাজ করেন ২৩২ জন। পরের দিন কাজ করেন ২৫২ জন। অথচ মাস্টাররোলে ৩৯০ জন শ্রমিক কাজ করছেন বলে দেখানো হয়েছে। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিকদার বলেন, নামে-বেনামে শ্রমিক উপস্থিতি দেখিয়ে ভুয়া মাস্টাররোল জমা দিয়ে টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করছেন কমিটির সদস্যরা। তিনি অভিযোগ করেন, তিনি নিজেও ইউনিয়ন কমিটির সদস্য হলেও তাঁর কাছ থেকে মাস্টাররোলে কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করে যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল জানান, ১২০ টাকায় শ্রমিক পাওয়া যায়নি বলেই ২০০-২৫০ টাকায় কাজ করানো হয়েছে। ফলে মাস্টাররোলে ১২০ টাকা দেখাতে গিয়ে কিছুটা অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। ২৩২ জন কাজ করে মাস্টাররোলে কীভাবে ৩৯০ জন দেখানো হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, কিছু শ্রমিকের স্বাক্ষর জাল করে দেখানো হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানান, বিভিন্ন প্রকল্পে অনিয়ম হওয়ায় তা তদন্ত করে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন জানান, এলাকায় গিয়ে এসব প্রকল্প তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।