শ্রমিকেরা অবরোধ উপেক্ষা করে ঢাকায় আসছেন: খন্দকার মোশাররফ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিদেশ যেতে ইচ্ছুক ও যাওয়ার উপযুক্ত শ্রমিকেরা প্রতিদিনই হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকায় এসে পৌঁছাচ্ছেন, বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন এবং বিদেশে পাড়ি দিচ্ছেন।’
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৩’ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এই দাবি করেন। জনশক্তি বিভাগে ডিজিটালের ব্যাপক ছোঁয়া লেগেছে উল্লে¬খ করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের এখন আর চিঠি পাঠিয়ে খবর দিতে হয় না, একটি খুদে বার্তা দিলেই কাজ হয়ে যায়। তাঁরা আমাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। শুধু তা-ই নয়, এখন অনলাইনে নিবন্ধন ছাড়া কেউ দেশের বাইরে যেতে পারেন না।’
রিক্রুটিং এজেন্সির প্রয়োজন কমে গেছে, উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আগে যে এলাকায় রিক্রুটিং এজেন্সি ছিল, সেসব এলাকার মানুষ বেশি বিদেশে যেতে পারতেন। এখন দেশের প্রতিটি গ্রাম থেকেই মানুষ বিদেশে যেতে পারছেন।
খন্দকার মোশাররফ আরও জানান, জাতির জন্য অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রায় ১৫৭টি দেশে প্রায় ৮৫ থেকে ৯০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যাঁরা রেমিটেন্স হিসেবে গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করছেন।
বিগত জোট সরকারের আমলে বাংলাদেশ থেকে ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। বর্তমানে ১৫৭টি দেশে কর্মী পাঠানো হয় জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্ব মন্দার মধ্যেও বিগত পাঁচ বছরে ২৪ লাখ কর্মী বিদেশে গেছেন। গত বছর ছয় লাখ শ্রমিক পাঠানো হয়েছে, এবার প্রায় চার লাখ পাঠানো হয়েছে। মন্দা কেটে গেলেও জনশক্তি রপ্তানির পরিমাণ আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী জানান, বিগত জোট সরকারের আমলে ১৮ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। আর বর্তমান সরকারের সময় চারগুণ বেশি রেমিটেন্স এসেছে। এর পরিমাণ ৫৮ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কাল বুধবার সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্ল¬াজার মানিক মিয়া অ্যাভিনিউর প্রবেশদ্বার থেকে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভা, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে অভিবাসন মেলার আয়োজন করা হয়েছে।