শ্রমিকেরা আমার চেয়ে সৎ ও স্বচ্ছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাক খাতে এত ট্রেড ইউনিয়নের দরকার কেন প্রশ্ন তুলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, কম্বোডিয়ায় বেশি বেশি ট্রেড ইউনিয়নের কারণে দেশটিতে এই খাতে বিপর্যয় নেমে এসেছে। তাই মালিক ও শ্রমিকের সমন্বয়ের মধ্য দিয়ে দেশের শিল্প খাতকে এগিয়ে নেওয়ার জন্য তিনি শ্রমিকদের পরামর্শ দিয়েছেন।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (বিটিইউসি) নবম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পাঁচ বছর পর সংগঠনটির এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের পাঁচটি দেশসহ সারা দেশের শতাধিক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মুজিবুল হক আরও বলেন, বাংলাদেশে যারা ট্রেড ইউনিয়ন করতে চায় তাদের ট্রেড ইউনিয়ন আইন সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি মনে করেন, শ্রমিকেরা তাঁর চেয়ে (প্রতিমন্ত্রী) সৎ এবং স্বচ্ছ চরিত্রের মানুষ।
প্রতিমন্ত্রীর বক্তব্যের আগে অনুষ্ঠানের অন্যতম বক্তা জাতীয় শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান অভিযোগ করেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে তৈরি পোশাকশিল্প খাতে দুটি বড় দুর্ঘটনা তাজরীন এবং রানা প্লাজার আহত শ্রমিকেরা যথাযথ ক্ষতিপূরণ পাননি।
রাজেকুজ্জামানের সঙ্গে দ্বিমত করে প্রতিমন্ত্রী বলেন, ‘এই বক্তব্যের সঙ্গে আমি একমত নই। তাজরীন ফ্যাশনস এবং রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, আইএলও এবং বিদেশি ক্রেতাদের কাছ থেকে যে পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছে তা দেশের আর্থসামাজিক বাস্তবতায় অপ্রতুল নয়।’
দক্ষিণ আফ্রিকার শ্রমিকনেত্রী মাইনেফা সেকেন্ডা সম্মেলনের সফলতা কামনা করে বলেন, বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যবােদর সর্বগ্রাসী আচরেণর বিরুদ্ধে শ্রমিকদের রুখে দাঁড়াতে হবে। বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের শ্রমিক আন্দোলনের সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
দুই দিনের এই সম্মেলন শেষে সংগঠনের নতুন কমিটি নির্বাচন করা হবে। সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উপমহাপরিচালক এইচ মহাদেবান, ভারতের ট্রেড ইউনিয়ন নেতা অশোক ঘোষ, নেপালের ট্রেড ইউনিয়ন নেতা মাধু বি সি সংহতি জানিয়ে বক্তব্য দেন।