দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আন্দোলনরত শ্রমিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। খনিতে পুনরায় উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত মজুরির ৫০ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। গত রোববার রাতে প্রশাসন ও খনি কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে এই সমঝোতা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ মে খনিতে ভূমিধসে এক শ্রমিক নিহত ও ২০ জন আহত হন। পরে কয়লা উত্তোলন বন্ধ করে ৮৫০ জন শ্রমিককে বিনা বেতনে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়। একই সঙ্গে খনি এলাকায় তাঁদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকেরা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন। তাঁরা বিভিন্ন আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন। বাংলাদেশি এই শ্রমিকেরা চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে কাজ করছিলেন। বিভিন্ন সূত্র জানায়, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌসের উপস্থিতিতে রোববার রাতে খনির কর্মকর্তা ও ১১ সদস্যের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। খনির আবাসিক এলাকার সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে পুনরায় উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত শ্রমিকদের মজুরির ৫০ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে উৎপাদন শুরু করার আশ্বাস দেয় খনি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পর শ্রমিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন। বৈঠকে অন্যদের মধ্যে খনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, মহাব্যবস্থাপক (মাইনিং) মীর আবদুল মতিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল জলিল ও বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈঠকের সিদ্ধান্ত ও খনির বৃহৎ স্বার্থ বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেছেন, বৈঠকে সমঝোতা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে তাঁরা পুনরায় উৎপাদন শুরুর চেষ্টা করছেন।