সময় শেষ হওয়ার পর দুই মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তিনটি ভবন নির্মাণ ও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। যতটুকু কাজ হয়েছে, তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একাধিক চিকিৎসক ও কর্মী। এ জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের গাফিলতি ও অবহেলা রয়েছে বলে তাঁদের অভিযোগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার জানান, মাস তিনেক ধরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো প্রকৌশলী নির্মাণকাজের তদারক করতে আসছেন না। ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরাই এখানে প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। ফলে কাজের মান কেমন হচ্ছে, তা জানা যাচ্ছে না। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের লোকজনকে একাধিকবার জানালেও তাঁরা এতে কর্ণপাত করছেন না।
সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১৯ শয্যার তিনতলাবিশিষ্ট একটি ভবন, দুটি আবাসিক ভবন নির্মাণসহ সংযোগ সড়ক স্থাপন কাজের জন্য সাত কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালের জুন মাসে দরপত্রের মাধ্যমে কাজটি পায় মানিক অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করায় এখনো পুরো কাজ শেষ করতে পারেননি।
এলাকাবাসী জানান, নির্মাণকাজ দেখতে ঠিকাদার এক দিনের জন্যও আসেননি। সুনামগঞ্জ থেকে এক দুজন প্রকৌশলী তিন-চার মাস পর পর একবার এসে দেখে যান। এ সুযোগে ভবনগুলোতে নিম্নমানের ইট, বালু, পাথর ও রড ব্যবহার করা হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভবনের ভিত্তি নির্মাণের জন্য মাটির নিচে ৬০ ফুট পাইলিং করার কথা থাকলেও মাত্র ২৫-৩০ ফুট গভীর করে নিম্নমানের পাথর, বালু, রড ও সিমেন্ট দিয়ে পাইলিং করা হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তিনতলা ভবনে ১৫-২০ জন শ্রমিক প্লাস্টারের কাজ করছেন। আবাসিক একটি ভবনের সামনে সংযোগ সড়কের কাজ করছেন আরও চারজন শ্রমিক। সড়কের বালু ভালোভাবে পরিষ্কার না করেই এ কাজ করা হচ্ছে।
মানিক অ্যান্ড ব্রাদার্সের মালিক আলাউদ্দিন আহমেদ বলেন, ‘আমি সেখানে দুবার গিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের দুজন প্রকৌশলী কাজটি দেখভাল করছেন। বেশ কিছুদিন হলো, তাঁদের অন্যত্র পাঠিয়েছি।’
ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন দাবি করেন, কাজে কোনো রকম অনিয়ম করা হচ্ছে না। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত তদারক না করলেও সমস্যা নেই। কেননা এখানে যে শ্রমিকেরা কাজ করছেন, তাঁরা সবাই অভিজ্ঞ। এ পর্যন্ত ৯০ থেকে ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ শেষ হতে আরও তিন-চার মাস সময় লাগবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের তদারককারী সুনামগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মনিরুল হকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সহকারী প্রকৌশলী আশুতোষ কর্মকার বলেন, লোকবল কম থাকায় কাজটি ঠিকমতো দেখভাল করা যাচ্ছে না। কাজের মেয়াদ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট বিভাগীয় অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এ কে এম বদরুল ইসলাম বলেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।