শ্রমে-ঘামে সংগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মস্থলে মাজেদা বেগম
কর্মস্থলে মাজেদা বেগম

এক দশক আগে দিনমজুর স্বামী নুর মোহামঞ্চদের মৃত্যুর পর মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না মাজেদা বেগমের। অথচ কোলে এক বছরের মেয়ে, আরেকটির বয়স পাঁচ বছর। বড় ছেলে মাহবুবুর তখন চতুর্থ শ্রেণীর ছাত্র।
তবে হাল ছাড়েননি। কাজের খোঁজে ছুটেছেন শহরের বিভিন্ন জায়গায়। দিনে ১০ টাকা মজুরিতে ঝিয়ের কাজ করেছেন। ২০ টাকা মজুরিতে কাজ করেছেন হোটেল, সেমাই কারখানা ও বেকারিতে। একসময় দিনে ৫০ টাকা মজুরিতে কাজ নেন ঢালাইখানায় (ফাউন্ড্রি কারখানা)। এভাবে পরিশ্রম করে পড়ালেখার খরচ জুগিয়েছেন। মাজেদার শ্রম-ঘাম আর সংগ্রাম বৃথা যায়নি। বড় সন্তান এখন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আরেক ছেলে দশম শ্রেণীতে ও ছোট মেয়ে পড়ছে চতুর্থ শ্রেণীতে। সন্তানদের পড়ালেখা করানোর পাশাপাশি পরিশ্রম করে শহরের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকায় একটা মাথা গোঁজার ঠিকানাও করেছেন। বর্তমানে কাজ করছেন বগুড়া শহরের বিসিক শিল্পনগর এলাকার একটি ঢালাইখানায়।
মাজেদা বেগম বলেন, ‘শত কষ্টের মধ্যেও স্বপ্ন দেখেছি; সন্তানদের পড়ালেখা শিখিয়ে মানুষ করব। অনেক কষ্ট করেছি। না খেয়ে থেকেছি। তার পরও হাল ছাড়িনি। শ্রমে-ঘামের কষ্ট বৃথা যায়নি।’ তিনি আরও বলেন, কারখানার মজুরির টাকায় সংসারের খরচ চালাতেই কষ্ট হয়। তারপর আবার তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ জোগাতে হচ্ছে। তবে তিনি কখনোই মনোবল হারাননি।
মাজেদা যে কারখানায় কাজ করেন, সেই কারখানার মালিক আইনুল হক বলেন, স্বামীহারা একজন নারীর পক্ষে তিন সন্তানকে মানুষ করাই কষ্টকর। অথচ মাজেদা বেগম সংগ্রাম করে শুধু সংসারের বোঝাই টানেননি, তিন সন্তানের লেখাপড়ার খরচও চালিয়ে যাচ্ছেন। এ রকম এক নারীকে কারখানায় কাজ দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।