শ্রমের অন্যায় চর্চা নিয়ে প্রশ্ন আইএলও প্রতিনিধিদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠিত হওয়ার আন্তর্জাতিক সনদে সইয়ের পরও বাংলাদেশে কেন শ্রমের অন্যায় চর্চা হচ্ছে, সে বিষয়ে জানতে চেয়েছে ঢাকা সফররত আইএলওর ত্রিপক্ষীয় এক প্রতিনিধিদল। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন ট্রেড ইউনিয়ন নিবন্ধনের সংখ্যা না বাড়ায় সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গড়া ওই প্রতিনিধিদল সরকারের কাছে জানতে চেয়েছে।
চার দিনের সফরের শুরুতে গতকাল রোববার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংগঠিত হওয়া ও যৌথ দর-কষাকষি সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিত্বকারী দলটি শ্রম মন্ত্রণালয়ের সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে।
বৈঠক সূত্রে জানা গেছে, সফরের শুরুতে এলিজাবেথ ওনুকো, সোনিয়া রেগেনবোগেন ও লিম্যান্সকে নিয়ে গড়া ত্রিপক্ষীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের শ্রমিক অধিকারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চায়। এ সময় সরকারের পক্ষ থেকে রানা প্লাজা ধসের পর শ্রম আইন সংশোধন ও বিধিমালা জারির মতো প্রয়োজনীয় আইনি সংস্কারের পাশাপাশি কারখানা পরিদর্শকের কার্যালয়ে জনবল বাড়ানো এবং ট্রেড ইউনিয়ন নিবন্ধনের মতো বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
জানা গেছে, এ সময় আইএলওর বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিদল সংগঠিত হওয়া এবং যৌথ দর-কষাকষি নিশ্চিত করতে বাংলাদেশ ৮৭ ও ৯৮সহ আইএলওর ৩৩টি সনদ অনুসমর্থন করেছে। এরপরও বাংলাদেশে অন্যায় শ্রমচর্চা হচ্ছে বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিনিধিদলটি এটিও বলে যে রানা প্লাজা ধসের পর বাংলাদেশে ট্রেড ইউনিয়নের নিবন্ধন উল্লেখযোগ্য হারে বেড়েছিল। তবে নিবন্ধনের এই হার আবার কমছে।
এ সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়টিতে সচেতন রয়েছে। শ্রম আইন সংশোধনের পর পোশাকশিল্প খাতে প্রায় সাড়ে তিন শ ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে। সংক্ষুব্ধ শ্রমিকদের আইনি সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। আইনি কাঠামোতে থেকে শ্রমিকদের সংগঠিত হওয়া নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করবে।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফররত প্রতিনিধিদলের সদস্যরা গতকাল দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে দেখা করেন। এ সময় তোফায়েল আহমেদ তাঁদের বলেন, বাংলাদেশে শ্রম আইনের বাস্তবায়ন অনেক ভালো। বর্তমান সরকার শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল। সংবিধানে শ্রমিকদের অধিকার সুরক্ষা করা হয়েছে এবং সরকার শ্রমিকদের সেই অধিকার নিশ্চিত করছে।
পরে আইএলওর ত্রিপক্ষীয় প্রতিনিধিদলটি শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ ছাড়া দলটি বিজিএমইএ, বিকেএমইএ ও বিইএফের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।