শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনীকে অমর একুশের বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের একটি অংশ। বাংলা একাডেমির মূল ফটকের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদী অবস্থান থেকে তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।
সমাবেশে মানবাধিকারকর্মী খুশি কবীর বলেন, স্বাধীন দেশে মুক্তচিন্তার চর্চার জায়গা এই বইমেলা। এই মেলা শুধু বাংলা একাডেমির না, দেশের সব নাগরিকের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক বলেন, এ সিদ্ধান্তের পেছনে হয় কোনো ব্যক্তিগত ক্ষোভ কাজ করছে অথবা এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে কেউ নিজেকে গুণগ্রাহী প্রমাণ করার চেষ্টা করছেন। আর এভাবেই বছরের পর বছর তাঁরা একাডেমির বিভিন্ন পদ আঁকড়ে আছেন। তারুণ্য এই সিদ্ধান্ত মানবে না।
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার দাবি জানান কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ।
শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান প্রথম আলোকে বলেন, মেলায় শ্রাবণ প্রকাশনীর স্টল না থাকা মানে দেশে ৪০টি নতুন মুক্তমনা, ইতিহাসের বই থাকবে না। অতিসত্বর এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হোক। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে একাডেমির মহাপরিচালক মৌলবাদীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন।
গত ১০ নভেম্বর বাংলা একাডেমির কাউন্সিল সভায় শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সোমবার শ্রাবণ প্রকাশনীর প্রতিনিধি এ বছরের মেলায় স্টল বরাদ্দের জন্য একাডেমিতে আবেদনপত্র সংগ্রহ করতে গেলে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত তাঁকে জানানো হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। একাডেমিতে এলে তাঁদের জানানো হবে কেন প্রকাশনীটি নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি বলেন, একাডেমির কাউন্সিল মিটিং থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু প্রকাশকদের কোনো সমিতি বা সংগঠন এর কোনো প্রতিবাদ করেনি।