শ্রাবণ প্রকাশনী বইমেলায় নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর অংশগ্রহণ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ‘একাডেমির সিদ্ধান্তের বিরোধিতা’ করায় ‘বৃহত্তর স্বার্থে’ প্রকাশনীটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে বইমেলা কমিটির সচিব জানিয়েছেন।
শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান জানান, আসন্ন বইমেলায় অংশ নেওয়ার জন্য প্রকাশনা সংস্থা শ্রাবণের প্রতিনিধি গতকাল সোমবার বাংলা একাডেমির কাছে আবেদনপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় বাংলা একাডেমি থেকে তাঁদের জানানো হয়, আগামী দুই বছর তাঁরা বইমেলায় অংশ নিতে পারবেন না।
জানতে চাইলে বাংলা একাডেমি বইমেলা কমিটির সচিব জালাল আহমেদ বলেন, গত ১০ নভেম্বর বাংলা একাডেমির কাউন্সিল সভায় শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বইমেলায় বাংলা একাডেমি পরিস্থিতি বিবেচনা করে ইসলাম বিতর্ক নামে একটি বই নিষিদ্ধ করেছিল। একাডেমির সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান। এটি অমর একুশে বইমেলার নীতিমালা ও স্বার্থের পরিপন্থী। আর এ জন্য বৃহত্তর স্বার্থে বাংলা একাডেমির বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিন আহসান জানিয়েছেন, এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমির সামনে তাঁরা একটি প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশে আমি কী নিয়ে কথা বলব, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার। আমি তো মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাবিরোধী কোনো কথা বলিনি।’
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে ইসলাম বিতর্ক বই প্রকাশের জন্য তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ওই বইয়ের লেখক-প্রকাশকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।