শ্রাবণে ধরা দিল বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: তবারুকুল ইসলাম
ছবি: তবারুকুল ইসলাম

মঙ্গল শোভাযাত্রার আদলে সাজানো বৈশাখী প্যারেড। এতে বাঘ, হাতি, কচ্ছপের সুবিশাল প্রতিকৃতি। শাড়ি-চুড়ির বাঙালিয়ানা সাজে নারীরা। পুরুষের গায়ে রং-বেরঙের পায়জামা-পাঞ্জাবি। চিরায়ত গ্রাম-বাংলার নানা অনুষঙ্গের স্মারক ও ঐতিহ্যের প্রতিকৃতি হাতে হাতে। এর সঙ্গে বাংলা সংগীতের মূর্ছনা।

বাংলাদেশে এখন ভরা শ্রাবণ। ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে বহু দূরে যুক্তরাজ্যে ধরা দিল বৈশাখ। গতকাল রোববার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। বাংলাদেশিদের প্রাণকেন্দ্র বাংলা টাউন এলাকার উইভার্স ফিল্ডে এবারের মেলার আয়োজন হয়। জমজমাট এই মেলার মধ্য দিয়ে বিলেতের মাটিতে বাঙালি তার সরব অস্তিত্বের জানান দিল।

প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাজ্যের বাঙালিরা বাংলাদেশের সঙ্গে মিল রেখে খোলা ময়দানে বৈশাখী উৎসব করতে পারে না। গ্রীষ্মের চকচকে একটি রৌদ্রোজ্জ্বল দিনের জন্য তারা অপেক্ষায় থাকে। প্রায় ১৮ বছর ধরে পূর্ব লন্ডনের বাঙালিপাড়ায় বাঙালিরা বিলম্বিত বৈশাখী মেলা করে আসছে।

ছবি: তবারুকুল ইসলাম
ছবি: তবারুকুল ইসলাম

বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায় গত কয়েক বছর ‘বৈশাখী মেলা ট্রাস্ট’ নামে একটি সংগঠন বৈশাখী মেলার আয়োজন করে আসছিল। নানা অনিয়মের অভিযোগে এবার তাদের বাদ দেওয়া হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ এবার নিজেরাই এই মেলা আয়োজনের দায়িত্ব নেয়।

বাংলাদেশের বাইরে এটাই বৈশাখী মেলার সবচেয়ে বড় আয়োজন। সেই সঙ্গে যুক্তরাজ্যে বসবাসরত এশিয়ান অভিবাসীদের মধ্যে বাঙালির এই আয়োজন বৃহত্তম।

আলতাব আলী পার্ক থেকে শুরু হয় বৈশাখী প্যারেড। ঘণ্টা খানেক ধরে নেচে-গেয়ে ধীর লয়ে বাংলা টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারেড। স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ প্যারেড পৌঁছায় মেলার মূল প্রাঙ্গণ উইভার্স ফিল্ডে।

ছবি: তবারুকুল ইসলাম
ছবি: তবারুকুল ইসলাম

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস প্রথম আলোকে বলেন, বহু সংস্কৃতির যুক্তরাজ্যে বাংলাদেশিদের এই উৎসবের গুরুত্ব অনেক। ঘৃণা, বিদ্বেষ আর উগ্রবাদের বিপরীতে এমন উৎসব সৌহার্দ্য-সম্প্রীতির বাণী ছড়ায়।

স্থানীয় বেশ কয়েকজন বাংলা সংগীতশিল্পীর পাশাপাশি এবার মেলার মঞ্চ মাতিয়েছে বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড দল এলআরবি। ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

পড়ন্ত বিকেলে হাবিব তাঁর সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করেন।

ছবি: শিল্পী আইয়ুব বাচ্চুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া
ছবি: শিল্পী আইয়ুব বাচ্চুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

শেষ আকর্ষণ হিসেবে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে এলআরবির শিল্পীরা মঞ্চে ওঠেন। শুরুতেই গিটারের ঝংকারে দর্শকেরা বুঁদ হয়ে যায়। তারপর শিল্পীরা একের পর গান শুনিয়ে দর্শকহৃদয় জয় করে নেন।