শ্রাবণেও পুড়ছে পঞ্চগড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ভরা শ্রাবণে দেশের বিভিন্ন অঞ্চল যখন বৃষ্টি ও বন্যাকবলিত, তখনো প্রচণ্ড গরমে অস্থির পঞ্চগড়ের মানুষ। কয়েক দিন ধরে এখানে তাপমাত্রা ৩৪ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে জেলার বাসিন্দাদের জীবনেও সৃষ্টি হয়েছে ভোগান্তি।
গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে, অধিকাংশ পরিবারেই কেউ না কেউ অসুস্থ। মধ্য শ্রাবণেও গরমে ক্লান্ত পথচারী গাছতলায় ঘুমাচ্ছে।
কৃষি বিভাগ জানায়, গত সাত দিনে জেলায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ দশমিক ৪ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করেছে।
গত বৃহস্পতিবার পৌর মেয়রের আহ্বানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য এস্তেখারা নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। গত শুক্রবার মসজিদে মসজিদে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। জেলার তেঁতুলিয়া উপজেলার বৈরাগীগজ গ্রামের আবদুস ছামাদ বলেন, ‘মোর ৬০ বছরে ইনং গরম দেখুনি।’ ভজনপুর এলাকার ভ্যানচালক লেদর ইসলাম বলেন, ‘এত গরমে ভ্যান চালাতে পারছি না। রোদে বাড়ি থেকে বের হওয়া যায় না।’
পঞ্চগড়ের সিভিল সার্জন আহাদ আলী জানান, ‘অসময়ের এই তাপে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। দাবদাহে পানিশূন্যতা, জ্বর, চোখ ওঠা, চামড়া কুঁচকে যাওয়া এবং ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভুগছে।’ তিনি এ সময় স্বাস্থ্যজনিত বিপর্যয় রোধে প্রচুর পানি পান করাসহ রোদে বের হওয়া যতটা সম্ভব এড়ানোর পরামর্শ দেন।
জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম আশরাফ আলী বলেন, গত সাত দিনে মাত্র সাত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মধ্য শ্রাবণেও পঞ্চগড়ে কাঙ্ক্ষিত বৃষ্টি নেই। এতে জেলার আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেচ দিয়ে অনেকে আমনখেত বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।