শ্রী নদী থেকে বাঁধ অপসারণ শুরু
যশোরের অভয়নগর উপজেলার শ্রী নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধ অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি অপসারণের কাজ শুরু করেন।
খুলনার বিল ডাকাতিয়ায় লোনা পানির প্রবেশ ঠেকাতে গত ১৯ ও ২০ মে ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেনের নির্দেশে ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন বিশ্বাস অভয়নগর উপজেলার দত্তগাতী গ্রামে শ্রী নদীতে বাঁধ দেন। ভবদহ স্লুইসগেট থেকে প্রায় তিন কিলোমিটার উজানে ওই বাঁধ দেওয়া হয়।
৯ জুন প্রথম আলোয় ‘শ্রী নদীতে আড়াআড়ি বাঁধ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। গত রোববার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মেহনাজ সরেজমিনে বাঁধটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সেটি অপসারণের নির্দেশ দেন। সে অনুযায়ী গতকাল উপজেলার পায়রা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্থানীয় লোকজনের সহায়তায় বাঁধ অপসারণের কাজ শুরু করেন। ইউএনও বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নদী ও খালে মাটির বাঁধ কিংবা বাঁশের বেড়া দিয়ে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। শ্রী নদীতে বাঁধ দেওয়ায় নদীর প্রবাহ বন্ধ হয়ে©গেছে। এ কারণে বাঁধটি উচ্ছেদ করা হচ্ছে।