শ্রীকাইলের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাস ফিল্ডের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে। এতে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর শ্রীকাইলে এসে এর উদ্বোধন করেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গ্যাস ট্রান্সফিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক ও শ্রীকাইল গ্যাস ফিল্ডের প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়ায় আরেকটি কূপের খনন শুরু: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে আরও একটি নতুন কূপের (১৮ নম্বর) খননকাজ শুরু হয়েছে। গতকাল বিকেলে এ কাজের উদ্বোধন উপলক্ষে তিতাস গ্যাসক্ষেত্রের শিমরাইলকান্দিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নতুন এই কূপের খননকাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।নতুন এই কূপের খননকাজ উদ্বোধনের সময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, মহাব্যবস্থাপক মোস্তফা কামালসহ কোম্পানির প্রকল্প পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মো. শফিকুর রহমান জানান, কূপটির খনন সম্পন্ন হলে এটি থেকে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। আগামী দুই মাসের মধ্যে এর খননকাজ সম্পন্ন হতে পারে।এর আগে গত ৫ ফেব্রুয়ারি তিতাস গ্যাসক্ষেত্রের ১৭ নম্বর কূপের খননকাজ সম্পন্ন হয়। বিজিএফসিএলের আওতাধীন পাঁচটি গ্যাস ফিল্ডের ৩২টি কূপ থেকে দৈনিক প্রায় ৭৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা দেশের মোট উৎপাদনের ৩৫ শতাংশ।