শ্রীকৃষ্ণের জন্মদিন উদ্যাপন

বৃহত্তর রংপুরের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজনে যথাযথ মর্যাদায় গতকাল শনিবার শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: সকালে জেলা প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে সরকারি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াছ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিমল চক্রবর্তী, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীপেন চন্দ্র রায়, জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অর্জুন কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি রবেন্দ্রনাথ বণিক, পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ প্রমুখ।
নীলফামারী: সকালে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ি মন্দিরে আলোচনা সভায় মিলিত হয়। নীলফামারী জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপপরিচালক হামিদুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বর্ধন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খোকা রাম রায় প্রমুখ।
ঠাকুরগাঁও: জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রীরামকৃষ্ণ আশ্রমপাড়া মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গোবিন্দ জিউ মন্দিরে গিয়ে শেষ হয়। পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন শোভাযাত্রা উদ্বোধন করেন। পরে গোবিন্দ জিউ মন্দির চত্বরে আলোচনা সভায় জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি অরুণাংশু দত্ত প্রমুখ বক্তব্য দেন।