শ্রীকৃষ্ণের জন্মদিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর রাজশাহী ও রংপুরের বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজনে যথাযথ মর্যাদায় গতকাল শনিবার শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ: জেলা পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শহরের কালীতলা শ্রীশ্রীবুড়াকালীমাতা মণ্ডপ চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পরে শ্রীশ্রীবুড়াকালীমাতা মণ্ডপ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নির্মলকৃষ্ণ সাহার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ সাধন চন্দ্র মজুমদার, জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক ও জেলা পূজা উদ্‌যাপন কমিটির সহসভাপতি বিভাষ মজুমদার গোপাল।

জয়পুরহাট: বেলা ১১টার দিকে শহরের হরিবাসর প্রাঙ্গণে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, প্রমুখ। দুপুর ১২টার দিকে হরিবাসর চত্বর থেকে শহরে শোভাযাত্রা বের করা হয়।

বাগমারা (রাজশাহী): স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সকালে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা সদর ভবানীগঞ্জের নিউমার্কেটে প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক, বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অনিল কুমার সরকার ও সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি বীরেন্দ্রনাথ সরকার।

পঞ্চগড়: সকালে জেলা প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে সরকারি মিলনায়তনেআলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম।