শ্রীনগর ও মেঘনা উপজেলায় নৌকা ডুবে আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর ও কুমিল্লার মেঘনা উপজেলায় গত রবি ও গতকাল সোমবার নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়েছে।এর মধ্যে রোববার রাত একটার দিকে শ্রীনগরের পূর্ব দেউলভোগ গ্রামে বিলের পানিতে ডুবে মারা গেছে ঢাকার গেন্ডারিয়ার আমিরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৭), মেয়ে রোদেলা আক্তার (৫), ভাগ্নে খোকন (৩৫) ও রাজন (২৫)। গতকাল সকাল ১০টার দিকে মেঘনা উপজেলার নলচর গ্রামের খালে শাপলা তুলতে গিয়ে নৌকাডুবিতে মারা যায় ওই গ্রামের আলী মিয়ার মেয়ে সাজেদা (৬), আঁখি (৪), রাত্রি (৩) ও সাজেদার ফুফাতো ভাই শহীদ (৭)।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, রফিকুল, রোদেলা, খোকন ও রাজন আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে পূর্ব দেউলভোগ গ্রামে এসেছিল। গ্রামের কেওড়া পাগলার বাড়িতে একটি অনুষ্ঠান শেষে রোববার রাত একটার দিকে ঘুমানোর জন্য তারা ছয়জন একটি ডিঙি নৌকায় করে আত্মীয় মোহাম্মদ আলীর বাড়িতে যাচ্ছিল। একপর্যায়ে নৌকাটি প্রায় আট ফুট গভীর বিলের পানিতে উল্টে গেলে সাঁতার না জানা তারা চারজন ডুবে যায়। পরে গ্রামবাসী এসে চারজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।চারজনের লাশ গতকাল তাদের বাড়ি গেন্ডারিয়ায় নিয়ে এলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। রফিকুল ও রোদেলার মা রেখা বেগমও দুর্ঘটনার সময় ওই নৌকায় ছিলেন। তিনি অনেক চেষ্টা করেও দুই সন্তানকে রক্ষা করতে না পেরে এখন পাগলপ্রায়। শিশু দুটির বাবা আমিরুল ইসলামও এখন বাক্রুদ্ধ। ঈদের আনন্দের পরিবর্তে স্বজনদের মধ্যে এখন মাতম চলছে।মেঘনার নলচর গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রামের শিশু সাজেদা, আঁখি, রাত্রি ও সাজেদার ফুফাতো ভাই শহীদ বাড়ির পাশের খালে শাপলা তুলতে যায়। একপর্যায়ে শহীদ ও সাজেদা নৌকার এক মাথা থেকে শাপলা টান দিলে হঠাৎ নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়। প্রতিবেশী সাহানা এ দৃশ্য দেখে মৃত শিশুদের পরিবারকে জানান।মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শহীদ পরিবারের সঙ্গে ঈদের ছুটিতে ঢাকা থেকে নলচর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। চার শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।