শ্রীনগরে আ.লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে আটপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে আটপাড়া বাজারসংলগ্ন একটি মাঠে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আহম্মেদ ভূইয়ার নির্বাচনী বৈঠক শেষে সমর্থকেরা খাবার খাচ্ছিলেন। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থী মোমিন আলীর কয়েকজন সমর্থক মিছিল নিয়ে যাওয়ার সময় সেলিম সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধলে পথচারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে আওয়ামী লীগের কর্মীরা আটপাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেন।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সিদ্দিক মেম্বার, সহসভাপতি দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পথচারী রতন হোসেন ও বিএনপির চার নেতা-কর্মীসহ স্থানীয় আরও তিনজন।
প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ: সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। বুধবার দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে মোশাররফ উল্লেখ করেছেন, গত মঙ্গলবার রাতে কে বা কারা তাঁর এই নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে।