শ্রীনগরে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের বাজারে গতকাল রোববার অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত নেতা-কর্মীদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত নেতা-কর্মীদের মধ্যে কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জিল মিয়া, ছাত্রদল কর্মী সজিব, ইউনিয়ন যুবদলের সহসভাপতি রানা আহমেদ ও কামালকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে কোলাপাড়া বাজারে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে হঠাৎ করে ছাত্রদল নেতা মঞ্জিল ও যুবদল নেতা রানা গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হন। তবে এ ব্যাপারে কারও বক্তব্য পাওয়া যায়নি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, সামান্য বিষয় নিয়ে ছাত্রদল ও যুবদলের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।