শ্রীনগরে তুচ্ছ ঘটনায় মারধরে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি অনুষ্ঠানে খাবারের আসনে বসা নিয়ে মারধরে ইউনুছ ঢালী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামে এ ঘটনা ঘটে।ওই ঘটনায় ইউনুছের স্ত্রী রাবেয়া বেগম সোমবার রাতে চারজনকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উত্তর বালাশুর গ্রামের ইউনুছ ঢালী একই গ্রামে আত্মীয়ের ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে যান। খাওয়ার সময় আসনে বসা নিয়ে মিরাজ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিরাজ ও তাঁর তিন ভাই ইউনুছকে মারধর করেন। তাঁকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইউনুছকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল ময়নাতদন্ত শেষে ইউনুছের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।