আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় দুই হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বুধবার রাতে এ মামলা করা হয়। এ মামলা প্রত্যাহারের দাবিতে ও এলাকাবাসীকে হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিল রক্ষা কমিটির উদ্যোগে দোহারের ধীতপুর, ধুবলী, ছত্রভোগ নবাবগঞ্জের মরচিপট্টি, মুন্সিনগর, কামারখোলা, মদনখালী ও শ্রীনগর উপজেলার বাড়ৈখালী, পাউসার, ষোলঘর ও কালাইমারা গ্রামে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-দোহা সড়কের নবাবগঞ্জ উপজেলার গালিমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালায়। এতে ১০ জন যাত্রী আহত হয়।আড়িয়ল বিল রক্ষা কমিটির সদস্য সচিব মো. সাইদুর রহমান অভিযোগ করে বলেন, সরকার তাঁদের বাড়িঘর ও জমি কেড়ে নেওয়ার পর নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এ মামলা শিগগিরই প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, বিল রক্ষার নামে যারা বুধবার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।