শ্রীনগরে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২, গ্রেপ্তার ১
জমি নিয়ে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খৈয়াগাঁও গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে৷ পুলিশ মো. ইউনুস (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে খৈয়াগাঁও গ্রামের মো. সামছুল ও রহিম মিয়ার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মো. আজিজুল (৫৯), নাসিরন (২২) ও মিজানুর রহমানকে (২৬) ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত বাদল মিয়া (৩০), তোফাজ্জল (৩৫), মোশারফ মিয়া (৩৪) ও রফিকুল মিয়াকে (৩৩) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এ ঘটনায় আহত আজিজুলের স্ত্রী মাজেদা বেগম গতকালই বাদী হয়ে আটক হওয়া মো. ইউনুসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন।