শ্রীনগরে পথচারী নিহত, মহাসড়ক অবরোধ
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়ায় গতকাল সোমবার মাইক্রোবাসের চাপায় মঞ্জুরা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস শ্রীনগরে ওমপাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় পথচারী মঞ্জুরা বেগমকে চাপা দেয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে গতিরোধক নির্মাণের আশ্বাসের পর রাত ১১টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন জানান, পথচারীর মৃত্যুর কারণে এলাকাবাসী মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।