শ্রীনগরে পাঁচ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল বাজারের প্রসাধন ব্যবসায়ী আশরাফুল আলম (৩২) পাঁচ দিন ধরে নিখোঁজ। তিনি উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আবদুস সালাম ফকিরের ছেলে।এই ঘটনায় আবদুস সালাম শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আবদুস সালাম ফকির জানান, আশরাফুল চার বছর বিদেশে থাকার পর এক বছর আগে দেশে ফিরে ভাগ্যকূল ইয়াং মার্কেটে একটি প্রসাধনীর দোকান দেন। ৩ জুলাই রাত ১২টার দিকে আশরাফুল তাঁর স্ত্রীকে ফোন করে জানান, একটু পরই বাসায় ফিরছেন। এর পর থেকে আশরাফুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অনেক রাতেও আশরাফুল বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় খোঁজ করেন। না পেয়ে পরদিন ৪ জুলাই শ্রীনগর থানায় একটি জিডি করেন আবদুস সালাম ফকির। জিডিটি তদন্ত করছেন শ্রীনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা। তিনি জানান, আশরাফুলের সন্ধানে চেষ্টা চলছে।