শ্রীনগরে বাবু হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীনগরে ডাকাতের গুলিতে বাবু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো মো. বাছের (৩৫) ও সোহেল রানা (২০)। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই ডাকাতকে গ্রেপ্তার করে শ্রীনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মার্চ রাত আটটার দিকে সোহেল, বাছের, মোতালেব, আলমগীরসহ আটজনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঢাকা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর বাসস্ট্যান্ডে এসে নামে। রাত ১১টায় তারা একটি দোনালা বন্দুক, একটি পিস্তল, একটি গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কোলাপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশের একটি টহল গাড়ি কোলাপাড়া গ্রামে প্রবেশ করলে ডাকাতেরা তাদের পরিকল্পনা পরিবর্তন করে। রাত একটার দিকে উপজেলার কেউটচিড়া গ্রামের জুলহাস মৃধার বিল্ডিংয়ের গেট কেটে অস্ত্রের মুখে সবাইকে জিমিঞ্চ করে ডাকাতি করার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। এ সময় ডাকাত বাছের গুলি চালায়। এতে বাবু (৩০) বুকে ও সম্রাট (১৫) পায়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে বাবু মারা যান। পরে ডাকাতেরা তিনটি দলে ভাগ হয়ে ঢাকায় ফিরে যায়। এর দুই দিন পর নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় ডাকাতির মালামাল ভাগাভাগি হয় ।গতকাল রোববার সকালে শ্রীনগর থানার অফিসার ইনচার্জের কক্ষে আসামিরা সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলামের কাছে ডাকাতিকালে গুলি করে বাবুকে হত্যার কথা স্বীকার করে ঘটনাটির বর্ণনা দেয়। ভাগের টাকা কম পেয়ে সোহেল মনঃক্ষুণ্ন হয়ে ওই দিনই শেরেবাংলা নগর থানার এসআই শফির সোর্স হিসেবে কাজে যোগ দেয় এবং তাকে ডাকাত বাছেরের অবস্থান জানায়। শেরেবাংলা নগর থানার পুলিশ বাছেরকে মিরপুর ১০ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তার বাসা থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করে। বাছের ডাকাতির কথা স্বীকার করলে বিষয়টি শ্রীনগর থানার ওসি মিজানুর রহমানকে অবহিত করা হয়। শনিবার রাত ১২টার দিকে শ্রীনগর থানার পুলিশ বাছেরের স্বীকারোক্তি অনুযায়ী আগারগাঁও থেকে সোহেলকেও গ্রেপ্তার করে। পরে দুজনই ডাকাতির সময় গুলি করে বাবুকে হত্যার কথা স্বীকার করে। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া সোহেলের বাড়ি চাঁদপুর উপজেলার মতলব উপজেলায়। তার বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতি, খুনসহ একাধিক মামলা রয়েছে। সোহেল সাত বছর জেল খেটে দেড় মাস আগে বের হয়ে আসে। অপরদিকে বাছেরের বাড়ি বরিশালের কাশিপুর। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় ডাকাতির মামলা রয়েছে।