শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমাপাড়া এলাকায় গতকাল সোমবার বিকেলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এদিকে গত রোববার রাত ১০টার দিকে গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখি পয়েন্ট এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে মহাসড়কে শ্রীনগরের ওমাপাড়া এলাকায় ঢাকাগামী ইলিশ পরিবহনের সঙ্গে মাওয়াগামী প্রচেষ্টা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে বিকেল সাড়ে পাঁচটার দিকে সড়ক থেকে বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কুতুবুর রহমান জানান, আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার পুলিশ জানায়, রোববার রাতে মহাসড়কে টহল দেওয়ার সময় ঢাকামুখী ঝুটবোঝাই একটি ট্রাক পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা গজারিয়া থানার এসআই মনিরুজ্জামানসহ ছয় পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত কনস্টেবল সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিদ্দিককে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান জানান, ট্রাকটি আটক করা হয়েছে।